চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ওয়ানডে সিরিজের মীমাংসার ম্যাচে বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়লেন জেনিথ লিয়ানাগে। ২৮ বছর বয়সী এই ব্যাটার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে এনে দিলেন ২৩৫ রানের পুঁজি। তার বীরত্বেই ৫০ ওভার ব্যাট করে ২৩৫ রান করে অলআউট হয়েছে শ্রীলংকা। যদিও রিশাদ হোসেনের ম্যাজিকে বিফলেই গেল লিয়ানাগের সেঞ্চুরি। ৪ উইকেট ও ৫৮ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

 

২৩৬ রানের টার্গেটে নেমে ১৭৮ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চরম অনিশ্চয়তায়, তখন ব্যাটে রীতিমতো ম্যাজিক দেখালেন তরুণ রিশাদ হোসেন। সিলেটে তৃতীয় টি২০তে ৩০ বলে ৭ ছক্কায় ৫৩ রান করা এই ক্রিকেটার আজ লংকানদের বিপক্ষে ১৮ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে সিরিজ জয়ের গৌরবে ভাসান।

 

হাসারাঙ্গা ডি সিলভার করা ৪০তম ওভার ওভার থেকেই তিনি তুলে নেন ২৪ রান। ফলে ৬৬ বলে ২৭ রানের সমীকরণটা নেমে আসে ৬০ বলে ৩! থিকসানার করা ৪১তম ওভারে মুশফিকুর রহিমের বাউন্ডারিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে সৌম্য সরকারের জায়গায় ‘কনকাশন সাব’ হিসেবে খেলা তানজিদ হাসান তামিম ৮১ বলে ৮৪ রান করে বাংলাদেশের জয়ের ভিতটা গড়ে দেন।

 

এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। দশটি সিরিজ খেলে এ নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। লংকানরা জিতেছে ছয়টি সিরিজ।