বাংলাদেশ প্রিমিয়ার লিগে
(বিপিএল) টানা ৫ হারের পর সর্বশেষ ৪ ম্যাচের মধ্যে তিনটিই জিতল সিলেট স্ট্রাইকার্স।
আজ শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খুলনা টাইগার্সকে
৫ উইকেটে হারিয়েছে তারা। এটা ৯ ম্যাচে সিলেটের তৃতীয় জয়, আর ৭ ম্যাচে খুলনার তৃতীয়
হার। টানা ৪ জয়ের পর টানা ৩ ম্যাচে হারল এনামুল হক বিজয়ের দল।
এই ম্যাচ বিদেশিদের কাছে
হার মানলেন দেশিরা। অধিনায়ক এনামুল হক (৫৮ বলে ৬৭), হাবিবুর রহমান সোহান (৩০ বলে ৪৩)
ও আফিফ হোসেনের (১৬ বলে ২৪) ব্যাটে ভর দিয়ে লড়াই করার মতো পুঁজি পায় খুলনা। যদিও আইরিশ
খেলোয়াড় হ্যারি টেক্টর ও বার্লের দুর্দান্ত ব্যাটিংয়ে খুলনার সব প্রতিরোধ ভেঙে পড়ে।
টেক্টর ৫২ বলে ৬১ ও বার্ল ১৬ বলে ৩২ রান করেন। এছাড়া সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিথুন
করেন ১৮ বলে ২৪ রান।
শেষ ১২ বলে সিলেটের প্রয়োজন
ছিল ১৯ রান। হাতে ৫ উইকেট। রুবেল হোসেন করলেন ১৯তম ওভার। ওই এক ওভারেই খেলা শেষ করে
দিলেন জিম্বাবুইয়ান হার্ডহিটার রায়ান বার্ল। তিনি ৫ বল খেলে নিয়েছেন ২৩ রান, আরিফুল
হক ১ বল খেলে নেন ১ রান। খুলনার ১৫৩ রানের জবাবে ১৯ ওভারশেষে সিলেটের স্কোরবোর্ডে ১৫৯/৩।
এবারের বিপিএলে প্রথমবার
ম্যাচ খেলার সুযোগ পেয়েই হতাশা নিয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। তিনি
২ ওভারে দেন ৩৬ রান। এর মধ্যে ১৯তম ওভারেই দেন ২৪ রান।
টানা তিন হারে বিপদের
মুখে পড়তে পারে খুলনা। শীর্ষস্থান থেকে এখন তারা নেমে গেছে চতুর্থ স্থানে (৭ ম্যাচে
৮ পয়েন্ট)। আর সিলেট রয়েছে ষষ্ঠ স্থানে (৯ ম্যাচে ৬ পয়েন্ট)।










