নিলামে রেকর্ড দাম পেয়েছে মার্কিন বাস্কেটবল আইকন মাইকেল জর্ডানের একটি জার্সি। ১৯৯৮ সালে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) ফাইনালে পরা জার্সিটি বিক্রি হয়েছে ১ কোটি ডলারেরও বেশি দামে। খবর বিবিসি।

প্রতিবেদন বলা হয়, নিলামের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি দাম পাওয়া কোনো জার্সি।

গতকাল বৃহস্পতিবার নিলাম ঘর সোথেবি’স জানায়, জর্ডানের শিকাগো বুলস জার্সিটি ক্রেতাদের মাঝে তুমুল ‍উত্তেজনা তৈরি করে। মোট ২০ বার ডাকের মাধ্যমে রেকর্ড দামে বিক্রি হয়।

এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দিয়েগো ম্যারাডোনার পরা বিখ্যাত জার্সিটি ৯২ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয়ে সর্বোচ্চ দাম পাওয়ার রেকর্ড গড়েছিল।

অবশ্য জার্সি বাদ দিলে নিলামে খেলা সংশ্লিষ্ট সবচেয়ে দাম পাওয়া স্মারক হলো মিকি ম্যান্টেলের একটি বেসবল কার্ড। যা গত আগস্টে ১ কোটি ২৬ লাখ ডলারে বিক্রি হয়।

জর্ডানের জার্সির সঙ্গে নিলামে তোলা হয়েছিল ১৯৯৮ সালের জুনের ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ ম্যাগাজিনের কপি, যার প্রচ্ছদে ছিলেন এ খেলোয়াড়।

২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘দ্য লাস্ট ড্যান্স’ নামের প্রামাণ্যচিত্র। সেখানে মাইকেল জর্ডানের সঙ্গে শিকাগো বুলসের (১৯৯৭-৯৮) ফাইনাল সিজনকে ফোকাস করা হয়। ফাইনালে প্রথম খেলায় হারার পর ষষ্ঠ দফার সময় শেষ হওয়ার মাত্র ৫.২ সেকেন্ড বাকি থাকতে বুলসকে ৮৭-৮৬-এ এগিয়ে নেন জর্ডান এবং এনবিএ শিরোপা জেতেন তারা। প্রামাণ্যচিত্রটি সূত্রে জার্সিটি ফের আলোচনায় আসে।

অনেকেই মাইকেল জর্ডানকে বাস্কেটবলের ইতিহাসে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন। ক্যারিয়ারের বেশির ভাগ সময় মার্কিন বাস্কেটবল টিম শিকাগো বুলসের সঙ্গে কাটিয়েছেন। এনবিএ টুর্নামেন্টে সেই জয় তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে।