আইসিসির বড় কোনো ইভেন্টে বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২০২০ সালে আকবর আলী ও তৌহিদ হূদয়দের হাত ধরে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয় বাংলাদেশ। আবার সুযোগ এসেছে নিজেদের মেলে ধরার, শ্রেষ্ঠত্ব প্রদর্শনের। দুই বছর পরপর হওয়া এ বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। ১৪ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের ১৪তম আসর। ৫ ফেব্রুয়ারি ভিভ রিচার্ডসন স্টেডিয়ামে ফাইনাল।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এদিন জর্জটাউনে এভারেস্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আরেক ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও শ্রীলংকা। দুটি ম্যাচ রাত ৮টায় শুরু হবে।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ মিশন শুরু করবে ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে বাংলাদেশ খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ব্যাসেটেরে আজ পাকিস্তানের বিপক্ষে ও মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে রাকিবুল হাসানের দল। দুটি ম্যাচই রাত ৮টায় শুরু হবে।
বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ পর্বে ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। ফাইনাল পর্যন্ত মোট ম্যাচ ৪৮টি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অ্যান্টিগা, গায়ানা, সেন্ট কিটস ও ত্রিনিদাদে।
আগের আসরের সেরা ১১ দল এবার সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে। বাকি পাঁচ দল বাছাইপর্ব উতড়ে জায়গা করে নেয়। যুব বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। কভিড-১৯ বিধির কারণেই এ সিদ্ধান্ত। তাদের জায়গায় বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
গ্রুপ ‘এ’তে অবস্থান করছে বাংলাদেশ। তাদের গ্রুপে বাকি তিন দল—কানাডা, ইংল্যান্ড ও আরব আমিরাত। ‘বি’ গ্রুপে ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডা। ‘সি’ গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও জিম্বাবুয়ে। গ্রুপ ‘ডি’তে আছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।
সর্বোচ্চ চারবার যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এবারের আসরেও হট ফেভারিট হিসেবে মাঠে নামবে এশিয়ান চ্যাম্পিয়নরা।
গত ডিসেম্বরে এশিয়া কাপে ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। কুয়েত ও আরব আমিরাতের বিপক্ষে দুটি বিশাল জয় পেলেও ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। তবে এশিয়া কাপের আগে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলকে হারিয়ে ত্রিদেশীয় কাপ জিতে টাইগার যুবারা।
কোচ নাভিদ নওয়াজের অধীনে গতবার বিশ্বকাপ জয় করে যুবারা। এবারো যুব দলের প্রধান অস্ত্র এই শ্রীলংকান গুরু। দলের নেতৃত্বে আছেন গত বিশ্বকাপ জয়ী দলের সদস্য বামহাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল হাসান।










