আসন্ন বিশ্বকাপে শিরোপাপ্রত্যাশী ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার ডেপুটি হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া। এদিকে, সদ্যই আইপিএল-২০২৪ থেকে বিদায় নেয়া মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক, যে দলটিকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে পাঁচটি শিরোপা জিতিয়েছেন রোহিত। চলতি মৌসুমে নেতৃত্বের এ পরিবর্তন মানতে পারেননি মুম্বাই সমর্থকরা। তারা টুর্নামেন্টজুড়েই দুয়ো দিয়েছেন হার্দিককে। এতে বিপর্যস্ত হার্দিক দলকেও টেনে তুলতে ব্যর্থ হয়েছেন। এবার বিশ্বকাপে কী করবেন ভারতীয় সমর্থকরা?
শুক্রবার নিজেদের শেষ ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টের কাছে ১৮ রানে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নরা ১৭তম আইপিএলে পয়েন্ট টেবিলের সবার তলানিতে।
প্রথমে বেঞ্চে থাকা রোহিত পরবর্তী সময়ে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ৩৮ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস। তিনি আউট হওয়ার পর হতাশা যেমন ছিল, তেমনি গ্যালারির দর্শক দাঁড়িয়ে অভিনন্দন জানান তাকে। কিন্তু পরবর্তী ব্যাটার হিসেবে যখন হার্দিক নামলেন তখনই দর্শক শুরু করল দুয়ো ধ্বনি। ১৩ বলে ১৬ রান করে সাজঘরে ফিরেছেন হার্দিক।
সব মিলিয়ে চলতি মৌসুমে ১৩ ইনিংসে ১৮ গড়ে ২১৬ রান করেছেন হার্দিক, বল হাতে ১২ ইনিংসে নিয়েছেন ১১ উইকেট, ইকোনমি রেট ১০.৭৫! শুক্রবার হারশেষে দলটির কোচ মার্ক বাউচার জানান, দুয়োধ্বনি হার্দিকের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
আইপিএলে এবার গতকাল পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল রাতে শেষ টিকিটের জন্য মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএলের প্লে-অফ যথাক্রমে ২১, ২২ ও ২৪ মে। ২৬ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৭তম আইপিএল আসরের।
আইপিএলের আগের ১৬ আসরে চেন্নাই ও মুম্বাই সমান পাঁচবার করে শিরোপা জিতেছে।










