স্বাগতিক দক্ষিণ আফ্রিকার পরাজয়ে শুরু হলো অষ্টম নারী টি২০ বিশ্বকাপ আসর। কেপটাউনের নিউল্যান্ডসে শুক্রবার রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলংকার কাছে ৩ রানে হেরেছে প্রোটিয়া নারীরা। টুর্নামেন্টের শুরুতেই চমক দেখানো এই সিংহলিজ নারীদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল রোববার রাত ১১টায় কেপটাউনে বাংলাদেশ-শ্রীলংকা লড়াই।
বড় মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ রাখলেন চামারি
আতাপাত্তু। ৫০ বলে ৬৮ করেন ১২টি বাউন্ডারির সাহায্যে। কেপটাউনের সন্ধ্যাটা পুরোপুরি
আলোকিত করে রাখলেন ৩৩ বছর বয়সী আতাপাত্তু। বামহাতি এই ব্যাটারের সব রাজসিক শট হতাশ
করতে থাকে স্বাগতিক ক্রিকেটার ও দর্শককে। তার ব্যাটে ভর করেই লংকানরা বোর্ডে পায় ৪
উইকেটে ১২৯ রান। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বিশমি গুনারত্নে করেন ৩৪ বলে ৩৫ রান। এরপর
আতাপাত্তুর দুর্দান্ত নেতৃত্বে স্মরণীয় জয় তুলে নেয় দ্বীপদেশটি। রান তাড়া করতে
নেমে লড়াকু লংকান বোলিংয়ে সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারানো প্রোটিয়ারা ৯ উইকেটে
১২৬ রান তুলতে সমর্থ হয়।
ইনোকা রানাবিরা তিনটি এবং ওশাদি রানাসিংহে ও
সুগন্ধিকা কুমারি দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন আতাপাত্তু।
লংকানদের এই জয়ে জমে উঠতে পারে ‘এ’ গ্রুপের
লড়াই। গ্রুপের চার নম্বর র্যাংকধারী দল শ্রীলংকা, এরপর বাংলাদেশ। অস্ট্রেলিয়া,
নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই ছিল এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে
ফেভারিট। কিন্তু এখন সমীকরণ পাল্টে যেতে পারে। স্বাগতিকদের বিদায়ের শঙ্কা তৈরি করে
সিংহলিজরা সেমির স্বপ্ন দেখতে শুরু করবে এখন।
লংকান দলনায়ক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা বিশ্বের
অন্যতম সেরা দল এবং ঘরের মাঠে খেলছে। অতীতেও আমরা বড় আসরে অঘটন ঘটিয়েছি। কিন্তু আমার
মনে হয়, এই দলটি নিয়ে এবার আমরা ভালো কিছু করব।’
প্রোটিয়াদের হারিয়ে উজ্জীবিত সিংহলিজ নারীদের
সামনে কাল কঠিন পরীক্ষাই অপেক্ষা করবে। নিগার সুলতানার দল ওয়ার্মআপ ম্যাচের দুটিতেই
হেরে বিশ্বকাপ খেলতে নামছে।
বাংলাদেশ মাঠে নামার আগেই অবশ্য বিশ্বকাপে তিনটি ম্যাচ রয়েছে। আজ শনিবার সন্ধ্যায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, রাত ১১টায় লড়বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। রোববার সন্ধ্যায় রয়েছে ভারত-পাকিস্তান লড়াই, এরপর মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।










