লিওনেল মেসি কি অষ্টমবারের মতো জিতে নেবেন ব্যালন ডি’অর মুকুট? নাকি প্রথমবার এ মর্যাদাপূর্ণ পুরস্কারটি হাতে নেবেন আর্লিং হালান্ড? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল। প্যারিসের থিয়েটার দু শ্যালেতে আগামীকাল রাতে দেয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
আর্জেন্টাইন সুপারস্টার ২০২৩ সালের ব্যালন ডি’অর জেতার রেসে সবচেয়ে ফেভারিট। সেই সঙ্গে পুরস্কারের বড় দাবিদার ম্যানসিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড। তিনি সিটির হয়ে অভিষেক মৌসুমেই অবিশ্বাস্য পারফর্ম করে দলটিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে সাহায্য করেছেন। নারীদের বিভাগে স্পেনের আইতানা বোনমাতি ফেভারিট। তিনি এ বছর স্পেনকে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন। এরই মধ্যে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন। মেজর লিগ সকারে সেরা নবাগত খেলোয়াড়ের তিনজনের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিয়েছেন মেসি। এবার ব্যালন ডি’অর জয়ের হাতছানি তার সামনে।
ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারে এবার বেশ কয়েকজন যোগ্য দাবিদার উঠে এসেছেন। করিম বেনজেমা গত বছর ব্যালন ডি’অর জিতেছেন। আর্জেন্টিনাকে কাতারের মাঠে বিশ্বকাপ জিতিয়ে মেসি এবার সবচেয়ে বড় দাবিদার। ফাইনালে দুই গোলসহ বিশ্বকাপে মোট সাত গোল করেন মেসি। এছাড়া ইন্টার মিয়ামি ক্লাবেও দুর্দান্ত সূচনা করেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। মেজর লিগ সকারের দলটির হয়ে এরই মধ্যে ১৩ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। কাতারের মাঠে ঝলমলে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আসরের সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’ ট্রফি জিতে নেন। এবার তার শোকেসে আরেকটি ট্রফি যুক্ত হওয়ার অপেক্ষা।
অবশ্য এটি তার জন্য নতুন কিছু নয়। বর্ণাঢ্য ক্যারিয়ারে এরই মধ্যে সাতবার তিনি ব্যালন ডি’অর জিতেছেন। পাঁচবার জিতে তার কাছাকাছি রয়েছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো। এবার রোনালদোকে আরেকটু পেছনে ফেলার সুযোগ এসেছে তার সামনে।
অবশ্য এ রেসে তাকে হারাতে হবে প্রতিপক্ষের গোলমুখে ডেঞ্জারম্যান আর্লিং হালান্ডকে, যিনি সিটিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জিতিয়েছেন। সিটিকে ট্রেবল জেতানোর পথে তিনি সব ধরনের প্রতিযোগিতায় মোট ৫২ গোল করেন। কাজেই তিনি এ পুরস্কারের রেসে মেসির শক্ত প্রতিদ্বন্দ্বী।
ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করলেও মেসি ও হালান্ডই বুকিদের ফেভারিট। ফুটবল বিশেষজ্ঞরাও মনে করছেন, এ দুজনের মধ্যেই কোনো একজনের হাতে উঠবে ঝলমলে ট্রফিটি। এ দুজন ছাড়াও তালিকায় উল্লেখযোগ্য নাম রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, ম্যানসিটির কেভিন ডি ব্রুইন, প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও ম্যানসিটির রদ্রি। তালিকায় সাতজনই সিটির খেলোয়াড়।’ ইউরোস্পোর্টস










