চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের পর চতুর্থ দল হিসেবে শনিবার রাতে প্লে-অফের টিকিট পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শীর্ষস্থান নিশ্চিত কলকাতার। আজ দ্বিতীয় স্থান নিশ্চিত করতে মাঠে নামছে সানরাইজার্স ও রাজস্থান। বিকালে সানরাইজার্স খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে, রাতে রাজস্থানের সামনে শীর্ষ দল কলকাতা।

 

কলকাতার ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট পেলেও শীর্ষ দুইয়ে থাকা এখনো নিশ্চিত নয় রাজস্থানের। শীর্ষ দুইয়ে থাকতে চাইলে আজ রাতে তাদের হারিয়ে দিতে হবে কলকাতাকে। আর যদি তারা হেরে যায়, তবে আজ বিকালের ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠে যাবে সানরাইজার্স। তাই রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা এখন তাদের নিজেদেরই হাতে।

 

রোববার রাতে বেঙ্গালুরুর মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচে ২৭ রানে হেরে গিয়ে বিদায় ঘটে যুগ্মভাবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের। আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রান তুলেছিল বেঙ্গালুরু। চেন্নাই ২০১ রান করলেই শ্রেয়তর নিট রানরেট নিয়ে উঠে যেত প্লে-অফে। তবে তারা ৭ উইকেটে ১৯১ রান তুলতে সমর্থ হয়। এত ছিটকে পড়ে চেন্নাই।

 

দুই দলের ঝুলিতে সমান ১৪ পয়েন্ট হওয়ায় নিট রানরেট বিবেচনায় নেয়া হয়। বেঙ্গালুরু নিট রানরেট ০.৪৫৯, চেন্নাইয়ের ০.৩৯২।

 

বিরাট কোহলিদের বেঙ্গালুরুর অবিশ্বাস্য প্রত্যাবর্তনই ঘটল এবার। প্রথম আট ম্যাচের মধ্যে সাতটিতে হেরে বিদায়ের প্রহরই হয়তো গুণছিল দলটি। কিন্তু এরপর অভাবনীয় পারফরম্যান্স দেখাল দলটি। পরের ছয় ম্যাচের সবগুলোই জিতে নিয়ে তারা এখন প্লে-অফে। উল্লেখ্য, আইপিএলের ১৬ আসরের ইতিহাসে কখনো শিরোপা জিততে পারেনি বেঙ্গালুরু।

 

আইপিএলের প্লে-অফ যথাক্রমে ২১, ২২ ও ২৪ মে। ২৬ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৭তম আইপিএল আসরের।

 

আইপিএলে চেন্নাই ও মুম্বাই সমান পাঁচবার করে শিরোপা জিতেছে। মুম্বাই এবার একেবারে তলানিতে থেকে শেষ করল।