মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার
একমাত্র টেস্টে আজ উইকেট বৃষ্টির দ্বিতীয় দিন নিজেরা ৩৮২ রানে অলআউট হওয়ার পর আফগানদের
১৪৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ২৩৬ রানের বিশাল লিড পেয়েও আফগানদের ফলো-অন করায়নি
স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে মাহমুদুল হাসান জয়কে হারায়
বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের দৃঢ়তায় ১৪ ওভারেই ৮২ রান তুলে
নেয় টাইগাররা। এতে দলের লিড তিনশ ছাড়িয়ে যায়। এ প্রতিবেদন লেখার সময় জাকির ৩৩ ও
শান্ত ২৩ রানে ব্যাট করছিলেন। দলের লিড ছিল ৩১৮ রান।
৫ উইকেটে ৩৬২ রান নিয়ে আজ সকালে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ
মাত্র ২০ রান যোগ করে বাকি ৫টি উইকেট হারায়! আফগান বোলিং ব্রিগেড অবিশ্বাস্য
সাফল্য দেখায়।
এরপর আফগানরাও বিপর্যয়ে পড়ে। এবাদত হোসেন (৪/৪৭) ও শরিফুল
ইসলামের (২/২৮) এবং মেহেদী হাসান মিরাজ (২/১৫) ও তাইজুল ইসলামের (২/৭) ঘূর্ণির
মুখে দেড়শর আগেই অলআউট হয়ে যায় হাসমতউল্লাহ শহীদীর দল। আফসার জাজাই ৩৬ ও নাসির
জামাল ৩৫ রান করেন।










