আগামী জুনেই প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়ার। আর্জেন্টাইন স্ট্রাইকারকে ফরাসি ক্লাবটি থেকে নতুন করে চুক্তির কোনো প্রস্তাব দেয়া হয়নি এখনো। গণমাধ্যমের খবর, ডি মারিয়ার সঙ্গে নতুন চুক্তি করবে না পিএসজি। ৩০ জুনের পর তিনি হয়ে যাচ্ছেন ‘ফ্রি এজেন্ট’। গুঞ্জন রয়েছে, ডি মারিয়াকে এক বছরের চুক্তিতে সই করাতে যাচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

 

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৫২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি পরিশোধ করে ডি মারিয়াকে দলে ভেড়ায় পিএসজি। গত সাত বছরে ক্লাবটিতে দারুণ অবদানও রেখেছেন তিনি। ২৯১ ম্যাচে করেছেন ৯১ গোল এবং ১১৭ গোলে সহযোগিতা করেছেন।

 

শুধু ডি মারিয়া নয়, পিএসজি ছেড়ে দিচ্ছে আর্জেন্টিনার আরো দুই ফুটবলার মাউরো ইকার্দি ও লিওনার্দো পারেদেসকে।

 

এএস এর প্রতিবেদন অনুযায়ী, মিডফিল্ডার পারেদেসের সঙ্গে আগামী মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি আছে পিএসজির। স্ট্রাইকার ইকার্দির সঙ্গে চুক্তি শেষ হবে ২০২৪ সালে, অর্থ্যাত্ আরো দুই মৌসুমের চুক্তি রয়েছে তার সঙ্গে। কিন্তু পিএসজি তাদের বিক্রি করে নগদ অর্থ পেতে চায়। গোল ডটকম