১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শপি-২০২৪ আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ইরানের তেহেরানে অনুষ্ঠিত হবে। উক্ত গেমসে বাংলাদেশের ৫ অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব মিলে অ্যাথলেটিকস ফেডারেশনের ৭ (সাত) সদস্যের একটি দল আজ সকাল ৮টায় ফ্লাই দুবাই এয়াওয়েজে ইরানের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

 

গত বছর ১০-১২ ফেব্রুয়ারি কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ১০তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে বাংলাদেশের ইমরানুর রহমান অংশগ্রহণ করে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন। দেশে তার আগে আর কারো এই কীর্তি নেই।

 

১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব (মন্টু) টিম লিডার কাম এশিয়ান মিটিং ডেলিগেট হিসেবে ও মো. জামাল হোসেন কর্মকর্তা হিসেবে অংশগ্রহণ করবেন।

 

বাংলাদেশ দলের ৫ অ্যাথলেট হলেন—ইমরানুর রহমান (৬০ মিটার স্প্রিন্ট), রাকিবুল হাসান (৬০ মিটার স্প্রিন্ট),  মোহাম্মদ জহির রায়হান (৪০০ মিটার), মাহফুজুর রহমান (হাইজাম্প) ও শিরিন আক্তার (৬০ মিটার স্প্রিন্ট)।

 

গত বছরের ন্যায় এবারো এশিয়ান ইনডোরে স্বর্ণ ধরে রাখতে প্রত্যয়ী ইমরানুর রহমান। তিনি সাফল্য ধরে রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

দলটি প্রতিযোগিতা শেষে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবে।