আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় দলের সংগ্রহ ছিল ৭ ওভারশেষে ৪৫/২। লিটন দাস ১৮ ও সাকিব আল হাসান ৪ রানে বাট করছিলেন। 

বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা মুনিম শাহরিয়ারের অভিষেক ঘটেছে এ ম্যাচে। মোহাম্মদ নাইম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামেন তিনি। ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলেন মুনিম। 

যদিও বিপিএলের মতো সাবলীল ব্যাটিং করতে পারছিলেন না। তৃতীয় ওভারের প্রথম বলে ফজলহক ফারুকির বলে লেগে বিফোর হন নাইম। এরপর লিটন কুমার দাসকে নিয়ে দলকে টানছিলেন মুনিম। 

যদিও পঞ্চম ওভারের শেষ বলে তারকা স্পিনার রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। ১৮ বলে ১৭ রানেই শেষ হয় তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ।