সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম ওয়ানডে শনিবার। যদিও তিন ম্যাচের এই সিরিজ খেলা হচ্ছে না ব্যাটার জাকির হাসানের। আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনকালে হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। তাতে সিরিজই শেষ হয়ে যায় এই বামহাতির। তার পরিবর্তে ওয়ানডে দলে ডাক পেলেন রনি তালুকদার, যিনি সদ্যই ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা টি২০ দলের অন্যতম সদস্য ছিলেন।

 

আজ রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘‌আজ নেটে ব্যাট করার সময় জাকিরের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট লাগে। এক্সরে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, সামান্য ফ্রাংকচার হয়েছে, যা থেকে সেরে উঠতে দুই সপ্তাহের মতো সময় লাগবে। দুর্ভাগ্যজনকভাবে সত্য, ওয়ানডে সিরিজে তার খেলা হবে না।’

 

সিলেটে ১৮, ২০ ও ২৩ মার্চ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ২৭ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল।

 

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রনি তালুকদার।