প্যারিস অলিম্পিকের হকিতে পরপর দুদিন কমলা উৎসব হয়ে গেল। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের ছেলেরা ও শুক্রবার ডাচ মেয়েরা হকির স্বর্ণ জয় করে। এই প্রথম কোনো দেশ হিসেবে একই গেমসে হকির দুটি স্বর্ণই জিতে নেয় নেদারল্যান্ডস!

গ্রুপ পর্বে চীনকে ৩-০ গোলে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। ফাইনালে সেই চীনকে পাওয়ায় তারা ছিল হট ফেভারিট। যদিও এবার চীনা মেয়েরা তাদের কাজটি কঠিন করে তুলল। নির্ধারিত সময়ের খেলা ড্র হয় ১-১ গোলে। এরপর টাইব্রেকারে ৩-১ গোলের জয় তুলে নেয় ডাচরা। গোলকিপার অ্যান ভিনেডাল তিন তিনটি শট ঠেকিয়ে দিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন। সর্বশেষ পাঁচ অলিম্পিকে এটা ডাচ নারীদের চতুর্থ স্বর্ণপদক। 

আগের দিন ছেলেদের ফাইনালে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে ডাচরা। পরে টাইব্রেকারে ৩-১ গোলে জিতেছে তারা। পিরমিন ব্ল্যাক ঠেকান তিনটি শট। এর মধ্য দিয়ে ২৪ বছর পর ছেলেদের হকিতে অলিম্পিক স্বর্ণ জিতল ডাচ ছেলেরা। 

এদিকে, আজ সন্ধ্যায় নারীদের বাস্কেটবল ফাইনাল দিয়ে শেষ হবে প্যারিস অলিম্পিক গেমস। বার্কি অ্যারেনায় স্বর্ণের ম্যাচে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। গতকাল রাত দেড়টায় ছেলেদের বাস্কেটবল ফাইনালে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। লেব্রন জেমসের দল টানা পঞ্চম অলিম্পিক মুকুটের লক্ষ্যে খেলতে নামে গতকাল। যুক্তরাষ্ট্রের সামনে তাই বাস্কেটবল থেকে ‘ডাবল’ স্বর্ণ জয়ের হাতছানি।

যুক্তরাষ্ট্রের নারীদের সামনে অলিম্পিকে টানা অষ্টমবারের মতো স্বর্ণপদক জয়ের হাতছানি। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮৫-৬৪ পয়েন্টে হারিয়েছে তারা। হাফটাইমে ৪৫-২৭ পয়েন্টের ও তৃতীয় কোয়ার্টার শেষে ৬৬-৪০ পয়েন্টের লিড ছিল যুক্তরাষ্ট্রের। চতুর্থ কোয়ার্টারে একটি পর্যায়ে তাদের লিড ৩০-এ গিয়ে পৌঁছায়। এ নিয়ে অলিম্পিকে ৬০ ম্যাচে অপরাজিত রয়েছে মার্কিনরা। 

ব্রেন্না স্টুয়ার্ট সর্বোচ্চ ১৬ পয়েন্ট স্কোর গড়েন, দ্বিতীয় সর্বোচ্চ ১৪ পয়েন্ট ছিল জ্যাকি ইয়াংয়ের। 

সর্বশেষ ১৯৯২ সালের অলিম্পিকে হেরেছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর গঠিত কমনওয়েলথ ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) দলের কাছে হেরেছিল আমেরিকান নারীরা। এরপর আর কখনো হারেনি। আজ ফাইনালে হট ফেভারিট হিসেবে খেলবেন স্টুয়ার্টরা।

ছেলেদের সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনে সার্বিয়াকে হারায় যুক্তরাষ্ট্র। অথচ একটি পর্যায়ে তারা পিছিয়ে ছিল ৭৬-৬৩ পয়েন্টে। সেখান থেকে অধিনায়ক লেব্রন জেমস ও স্টিফেন কারির নৈপুণ্যে জয় নিয়ে কোর্ট ছাড়ে আমেরিকানরা। ১৯৩৬ সালে বাস্কেটবল শুরুর পর আধিপত্য করে এসেছে যুক্তরাষ্ট্র।