চলতি বছর জুলাইয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফিফা নারী বিশ্বকাপ জয়ের পর অপ্রীতিকর এক ঘটনার শিকার হন স্পেনের তারকা ফুটবলার জেনিফার হারমোসো। নিজ দেশের ফেডারেশন-প্রধান লুইস রুবিয়ালেস পদকমঞ্চে তার ঠোঁটে চুমু খান। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। পরিশেষে ফেডারেশনে নিজের পদও হারান রুবিয়ালেস। আর বিব্রত হন হারমোসো।
ওই ঘটনার পর স্পেনের হয়ে শুক্রবার রাতেই প্রথম মাঠে নামেন হারমোসো। প্রত্যাবর্তনের ওই ম্যাচে নেমেই তিনি গোল করে জিতিয়েছেন স্পেনকে। ইতালির বিপক্ষে উয়েফা নেশনস লিগ ম্যাচে ৮৯ মিনিটে তার করা গোলেই জয় পায় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
ম্যাচে পুরো কর্তৃত্ব করে জিতেছে স্পেন। তারা ৭১ শতাংশ বল দখলে রেখেছে। যদিও শুধু গোলই আসছিল না। অবশেষে ৮৯ মিনিটে ফিরতি বলে শট নিয়ে হারমোসো এনে দেন প্রতীক্ষিত গোলটি। অ্যালেক্সিয়া পুতেলাস গোলে শট নিলে পোস্টে লেগে ফিরে আসে বল, সেই বলে শট নিয়ে গোল করেন হারমোসো।










