বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আজ। ছেলেদের এককে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার আর শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ শিরোপার বড় দাবিদার। দুজনের সম্ভাবনার সামনে নোভাক জোকোভিচের রেকর্ড ২৫তম শিরোপার স্বপ্ন আরো ধূসর। মেয়েদের এককে শিরোপার দাবি নিয়ে খেলতে নামছেন আরিনা সাবালেঙ্কা, ইগা সিয়ানতেক, ম্যাডিসন কিজ, কোকো গাফসহ অন্যরা।
কার্লোস আলকারাজ এরই মধ্যে ২০২৬ সালে নিজের ইচ্ছা-আকাঙ্ক্ষার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন: এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’ পূর্ণ করতে চান এ স্প্যানিশ তারকা।
আলকারাজ সফল হলে টেনিস ইতিহাসের নবম পুরুষ খেলোয়াড় হিসেবে প্রতিটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়বেন। বয়স মাত্র ২২ বছর ৮ মাস। এরই মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন বাদে বাকি সবগুলো গ্র্যান্ড স্লাম জিতে নিয়েছেন। দুটি করে উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতেছেন তিনি। এবার মেলবোর্ন পার্কে মর্যাদাপূর্ণ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপায় হাত রাখার অপেক্ষায় তিনি।
এ নিয়ে আলকারাজ বলেন, ‘এটি মৌসুমে আমার প্রথম টুর্নামেন্ট এবং এটিই প্রধান লক্ষ্য। অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখেই আমি প্রাক-মৌসুমে সবকিছু করেছি। এ আসরের জন্য শারীরিক, মানসিক এবং টেনিসের দিক থেকে পুরোপুরি ফিট আছি। সবকিছু ভালোভাবে এগোচ্ছে।’
আজ যখন মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের ১১৪তম আসর শুরু হবে তখন স্প্যানিশ তারকা আলকারাজ ও ২৪ বছর বয়সী পোলিশ তারকা ইগা সিয়ানতেক উভয়ই এ আসরে তাদের প্রথম শিরোপার জন্য নামবেন। দুজনই টেনিসের সুপারস্টার হিসেবে নিজেদের অবস্থান পাকা করলেও শুধু এ শিরোপা নেই। আলকারাজের মতোই ইগার শোকেসেও ছয়টি মেজর শিরোপা রয়েছে, সেখানে নেই শুধু অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।
অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারটা পূর্ণ করতে চান আলকারাজ। এ চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘যারা এই চারটি গ্র্যান্ড স্লামের জন্যই খেলেন, ভিন্ন পরিবেশ, ভিন্ন কন্ডিশন আর ভিন্ন কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করেন, তারাই সত্যিকারের চ্যাম্পিয়ন। যেখানেই খেলা হোক না কেন, তারা মানিয়ে নেন। ভিন্ন শহর, ভিন্ন স্টেডিয়াম ও দর্শকের সামনে খেলেন, তারাই সত্যিকারের চ্যাম্পিয়ন। এ কারণেই আমি এখানে জিততে চাই।’
সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি আছে ডান বাজের, যিনি ১৯৩৮ সালে ২৩ বছর পূর্ণ হওয়ার দুদিন আগে ফ্রেঞ্চ ওপেন জিতে পূর্ণ করেন ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম। নারী ও পুরুষ মিলে রেকর্ডটা মৌরিন কনোলির, যিনি মাত্র ১৮ বছর বয়সে চার ধরনের গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়েন। তিনি ছাড়া আরো নয়জন নারীর আছে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি।
সিয়ানতেক কাছাকাছি গিয়েছেন, দুবার খেলেছেন সেমিফাইনাল। আলকারাজের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। ২০২৫ সালে শেষ আটে তিনি হেরে যান ২৪ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী নোভাক জোকোভিচের কাছে। র্যাংকিংয়ের দুইয়ে থাকা সিয়ানতেকের লক্ষ্য এবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করা কিংবা র্যাংকিংয়ের শীর্ষে ফেরা। তিনি বলেন, ‘কোনোটিকে খুব বেশি অগ্রাধিকার দিচ্ছি না। আমি এখনো তরুণ। ভিন্ন জিনিস করা কিংবা ভিন্ন লক্ষ্য অর্জন করার মতো যথেষ্ট সময় আমার সামনে পড়ে আছে। আগামী দুই সপ্তাহে কিছু করতেই হবে—এমনটি ভেবে আমি নিজের ওপর চাপ তৈরি করতে চাই না।’
সম্প্রতি কোচ হুয়ান কার্লোস ফেরেরোকে বিদায় জানানো আলকারাজ অবশ্য দুই সপ্তাহের এ আসরে মূল ফেভারিট নন। তার চেয়ে এগিয়ে থাকবেন দ্বিতীয় র্যাংকধারী খেলোয়াড় সিনার, যিনি গত দুটি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এবং সর্বশেষ পাঁচটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলেছেন। তিনি ২০২৪ সালে ইউএস ওপেন এবং ২০২৫ সালে উইম্বলডন জিতেছেন। কাজেই ২৪ বছর বয়সী সিনারও ২০২৬ সাল শুরু করছেন ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্য নিয়েই। আলকারাজের সঙ্গে তার লড়াই নিয়ে তিনি বলেন, ‘আমি বলতে পারি, আমরা প্রায় পরিপূর্ণ খেলোয়াড়। আমরা যেভাবে খেলি তাতে গতিপথ পাল্টে দিতে পারি।’
সেরেনা উইলিয়ামস ২১ বছর বয়সে কিংবা নোভাক জোকোভিচ ২৯ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জিতেছেন। সেখানে আলকারাজ, সিয়ানতেক কিংবা সিনারের সামনে মাত্র ২৪ বছর বয়সে এ হাতছানি। এদের নিয়ে আমেরিকান খেলোয়াড় টেইলর ফ্রিটজ বলেন, ‘তারা এরই মধ্যে ব্যাপক সফল, এখন আরো বড় অর্জনের পথে। এটা তো বিশাল মাইলফলক। তারা প্রত্যেকেই এত অল্প বয়সে এ অর্জনের সামনে—সত্যিই বড় ব্যাপার।’
আলকারাজ-সিনার দ্বৈরথ নিয়েই এখন বেশি আলোচনা, ক্রমেই অন্তরালে চলে যাচ্ছেন ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ। সেটি তিনি ভালো করেই জানেন। এ বিষয়টি নিয়ে সার্বিয়ান সুপারস্টার বলেন, ‘আমি ২০২৫ সালে চারটি গ্র্যান্ড স্লামের তিনটিতেই হয় আলকারাজ নয়তো সিনারের কাছে হেরেছি। তাদের খুব বেশি প্রশংসার প্রয়োজন নেই। তাদের অনেক প্রশংসা চলছে। আমরা জানি, তারা কতটা ভালো খেলোয়াড় এবং তারা যা অর্জন করেছে তার পুরোপুরি যোগ্যও। এ মুহূর্তে পুরুষদের টেনিসে তারাই কর্তৃত্বকারী শক্তি। তবে তার মানে এই নয় যে অন্যদের কোনো সুযোগ নেই। আমি সবসময় নিজের সুযোগটা নিতে চাই, বিশেষ করে এ আসরে।’
জোকোভিচ এ নিয়ে টানা তিন মৌসুম শুরু করছেন রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের আশা নিয়ে। ২৪টি মেজর শিরোপা জিতে মার্গারেট কোর্টের সঙ্গে যুগ্মভাবে রেকর্ডের অধিকারী এ সার্বিয়ান সুপারস্টার সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০২৩ সালে ইউএস ওপেনে। সেই থেকে আলকারাজ ও সিনার আটটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। সিনার টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, মেলবোর্নে প্রথম শিরোপা জিততে মরিয়া আলকারাজ। এবার জোকোভিচের কাজটি আরো কঠিন। তবে এ নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। তার কথায়, ‘২৪ সংখ্যাটি খুব একটা মন্দ নয়।’ কাজেই ‘এখন নাহলে কখনই নয়’ মানসিকতা তিনি দেখাতে চান না।
মেয়েদের এককে অস্ট্রেলিয়ান ওপেনে গত তিন আসরের ফাইনাল খেলেছেন আরিনা সাবালেঙ্কা। টানা দুটি শিরোপা জয়ের পর গত আসরে হেরে যান যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিজের কাছে। এরপর ইউএস ওপেন শিরোপা জয়ের পাশাপাশি মোট ছয়টি হার্ডকোর্ট টুর্নামেন্টের ফাইনাল খেলে চারটি শিরোপা জিতেছেন বেলারুশিয়ান তারকা। ২০২৪ সালের অক্টোবর থেকে তিনি র্যাংকিংয়ের এক নম্বরে অবস্থান করছেন। সেরেনা উইলিয়ামস ও অ্যাশলে বার্টির পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে একটি পূর্ণ বর্ষপঞ্জিতে প্রতি সপ্তাহে র্যাংকিংয়ের শীর্ষে থাকার কৃতিত্ব দেখান। তার ২২ শিরোপার ১৯টি এসেছে হার্ডকোর্ট থেকে। ব্রিসবেনে শিরোপা জিতে আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করতে যাচ্ছেন ২৭ বছর বয়সী সাবালেঙ্কা।
এছাড়া ২৪ বছর বয়সী ইগা সিয়ানতেক, ২১ বছর বয়সী কোকো গাফ, ২৪ বছর বয়সী আমান্ডা আনিসিমোভা, ৩০ বছর বয়সী বর্তমান চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ মেয়েদের এককে ফেভারিট হিসেবে খেলবেন।










