অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরেছে বিসিবি এইচপি দল। আজ রোববার দুপুরে শুরু হওয়া ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৬৯ রান তুলতে সমর্থ হয় অ্যাডিলেড। জবাবে এইচপি ১৯.৫ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায়।

 

টস হেরে আগে বোলিং নেয়া বিসিবি এইচপি অবশ্য অল্প রানে আটকাতে পারেনি অ্যাডিলেডকে। টম ও’কনেল (৩৩ বলে ৫৩), রায়ান কিং (১৯ বলে ৩৫) ও লিয়াম স্কটের (১৮ বলে ৩০) ব্যাটে ভর করে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ পায় দলটি। সেমিফাইনালের ম্যাচসেরা রিপন মন্ডল ৩৭ রানে ২টি উইকেট নেন। এছাড়া রাকিবুল হাসান, মাহফুজুর রহমান ও আফিফ হোসেন একটি করে উইকেট নেন।

 

জবাব দিতে নেমে সাদামাটা সূচনার পর নিয়মিত ব্যবধানে ব্যবধানে উইকেট হারাতে থাকে এইচপি। জর্ডান বাকিংহাম, লিয়াম স্কট, টিম ওকলে, নোয়াহ ম্যাকফাডিয়েন ও লয়ের পোপ প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়ে বিসিবি এইচপিকে ১৩৭ রানে অলআউট করে দেন। এইচপির তানজিদ হাসান তামিম ২৯ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া মাহফুজুর ২১ এবং আফিফ ও জিশান আলম উভয়ই ১৮ রান করেন।   

 

ব্যাট বলে পারঙ্গমতা দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন লিয়াম স্কট। ১৮ বলে ৩০ রান করার পাশাপাশি বল হাতে ২৮ রানে নেন দুটি উইকেট।


 

এর আগে আজ সকালে নর্দার্ন টেরিটরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে ওঠে আকবর হোসেনের দল। শামীম হোসেন (৩৪ বলে ৪১*), আফিফ হোসেন (১৬ বলে ২২) ও মাহফুজুর রহমানের (২০ বলে ২১) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান তোলে এইচপি। ম্যাট হ্যামন্ড নেন ৩২ রানে ২ উইকেট। জবাব দিতে নেমে নর্দার্ন টেরিটরি ৯ উইকেটে ১১৭ রান তুলতে সমর্থ হয়। জ্যাক ওয়েদারল্ড ৩৪ রান করেন।

 

এইচপির রিপন মন্ডল ৩৬ রানে ৩টি, রাকিবুল হাসান ১৫ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন পেসার রিপন মন্ডল।

 

আট দলের এই টুর্নামেন্টে অংশ নেয় বিসিবি এইচপি, অ্যাডিলেড স্ট্রাইকার্স, পার্থ স্করচার্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, নর্দার্ন টেরিটরি, তাসমানিয়া ও পাকিস্তান ‘এ’। শেষ হাসি হাসল অ্যাডিলেড স্ট্রাইকার্স।