‘শেখ কামাল দ্বিতীয় যুব গেমস ২০২৩’-এ তরুণদের ফুটবলে শিরোপা ধরে
রেখেছে রাজশাহী বিভাগ, তরুণীদের ফুটবলে রাজশাহী বিভাগকে ৬-২ গোলে হারিয়ে
স্বর্ণ পদক জিতেছে রংপুর বিভাগ।
আজ তরুণ ফুটবলে স্বর্ণ পদকের লড়াইয়ে রাজশাহী
টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে রংপুর বিভাগকে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল।
রাজশাহী বিভাগের আবু বক্কর,
স্বপন, মিম, মনি,
সাগর, রিয়াদ ও সোহান গোল করেছেন।
যদিও তরুণীদের ফাইনালে হতাশ করেনি রংপুর। বাফুফে
আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধে উভয় দলই ২টি গোল করে। প্রথমার্ধে
রংপুরের হয়ে ৩ মিনিটে রুপা ও ৩৫ মিনিটে কল্পনা এবং রাজশাহীর পক্ষে ২৬ মিনিটে
ফাল্গুনি ও ৩০ মিনিটে মেহনাজ গোল করেন।
বিরতির পর রাজশাহীকে চেপে ধরে আরো ৪ গোল আদায়
করে রংপুরের বিভাগের মেয়েরা। রংপুরের হয়ে
৫৬ মিনিটে শান্তি, ৭৭ মিনিটে রিভানা এবং ৭১ ও ৮৮ মিনিটে
স্বপ্না রায় গোল করেন। স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা বিভাগকে ৫-২ গোলে হারিয়ে
ব্রোঞ্জ পদক জিতেছে চট্টগ্রাম বিভাগ।
জিমন্যাস্টিকসে
সেরা চট্টগ্রাম বিভাগ: জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত
এই ডিসিপ্লিনে ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক জিতেছে চট্টগ্রামের তরুণ-তরুণীরা। ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে ঢাকা বিভাগ। রাজশাহী ৩টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় এবং খুলনা ১টি ব্রোঞ্জ নিয়ে হয়েছে চতুর্থ।
তরুণ বিভাগের দলগত অবস্থানের তালিকায় সেরা চট্টগ্রাম এবং তরুণী বিভাগে সেরা হয়েছে ঢাকা বিভাগ।
টেবিল টেনিস এককে স্বর্ণ ইকবাল-খই খই মারমার: যুব গেমসে টেবিল টেনিস
তরুণ এককে স্বর্ণ পদক জিতেছে রাজশাহী বিভাগের নাফিস ইকবাল ও তরুণী
বিভাগের স্বর্ণ পদক জয় করেছে চট্টগ্রামের খই খই মারমা।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তরুণ এককের ফাইনালে রাজশাহীর নাফিস ইকবাল ৩-২ গেমে চট্টগ্রামের হাসিবুর রহমানকে হারিয়ে স্বর্ণ জয়
করেন। রৌপ্য হাসিবের। ব্রোঞ্জ জিতেছে খুলনার সামি ও চট্টগ্রামের প্রমিত।
তরুণ
হ্যান্ডবলে ঢাকা বিভাগের স্বর্ণ: তরুণদের হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে ঢাকা
বিভাগ। ফাইনালে খুলনা বিভাগকে হারিয়েছে তারা। এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে চট্টগ্রাম
বিভাগ। শুক্রবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন)
এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনাকে ৩২-১৮ গোলে
হারায় ঢাকা। খেলা শেষে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।










