প্রথম তিন ম্যাচ টানা হেরে খাদের কিনারায় চলে যায় নারী ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ইংলিশ নারীদের। এরপর তিন ম্যাচে টানা জিতে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল দলটি। আজ বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে নিজেদের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানকে ১৮৪ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এ জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

পেসার ক্যাথরিন ব্রান্ট ও অর্থডক্স স্পিনার সোফি একলেস্টোনের দুর্দান্ত বোলিংয়ে ৪১.৩ ওভারে ১০৫ রানে পাকিস্তান নারীদের গুটিয়ে দেয় ইংল্যান্ড। ব্রান্ট ও একলেস্টোন দু’জনেই সমান ৩টি করে উইকেট নেন। পাকিস্তানের আট ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। সর্বোচ্চ সিদরা আমিন ৩২, সিদরা নওয়াজ ২৩ ও ওমাইমা সোহাইলের ব্যাট থেকে আসে ১১ রান।

জবাবে খেলতে নেমে দলীয় ২০ রানের মাথায় ওপেনার ট্যামি বিউমন্টের উইকেট হারায় ইংল্যান্ড। পাক পেসার ডায়ানা বেগের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ১২ বলে ২ রান করেন বিউমন্ট। পরে ড্যানি ওয়াটের ৬৮ বলে ৭৬ ও হিদার নাইটের ২৪ রানে ভর করে মাত্র ১৯.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।

এই জয়ে এবারের আসরে প্রথমবারের মতো টেবিলের সেরা চারে জায়গা পেল ইংল্যান্ড। রোববার শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। আর যদি তারা বাংলাদেশের কাছে হেরে যায়, তবে অন্য ম্যাচগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হবে।

আজ দিনের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬১ রানে ৪ উইকেট হারায় প্রোটিয়ারা। এরপরই নামে বৃষ্টি, খেলা পরিত্যক্ত হলে দুই দল সমান একটি করে পয়েন্ট পায়। তাতে ৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার (১২) সঙ্গে দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় স্থানে। আগামী সোমবার ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে ক্যারিবীয়দের সেমিফাইনাল ভাগ্য।