প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ২১০ রানের সাদামাটা
টার্গেট দিতে পারল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিং
নেয়া বাংলাদেশ ইংলিশদের গতি ও স্পিনের যৌথ আক্রমণের মুখে ৪৭.২ ওভারে ২০৯ রানে সবকটি
উইকেট হারায়।
টস জিতে ব্যাটিং বেছে নেয়া বাংলাদেশ ভালো সূচনা
করলেও দলীয় ৩৩ রানে লিটন দাসকে হারায়। দলের হাফসেঞ্চুরি পূর্ণ হওয়ার পরপর সাজঘরের
পথ ধরেন অধিনায়ক তামিম ইকবালও। তৃতীয় উইকেটের পতন ঘটে শতরান পূর্ণ হওয়ার আগেই।
তৃতীয় উইকেটে ৬২ বলে ৪৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর
রহিম। এরপর দ্রুত ফেরেন সাকিব আল হাসানও।
পঞ্চম ওভারে লিটন দাসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ক্রিস
ওকস। লিটন করেন ১৫ বলে সাত রান। এরপর মার্ক উড আক্রমণে এসেই বোল্ড করেন তামিমকে।
৩২ বলে ২৩ রান করেন তিনি চারটি বাউন্ডারির সাহায্যে।
মুশফিকুর রহিম ১৭তম ওভারে মঈন আলীর বলে ছক্কা
হাঁকাতে গিয়ে একবার জীবন পান। যদিও ২০তম ওভারে আদিল রশিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন
তিনি। ডিপ মিড উইকেটে মার্ক উডকে ক্যাচ দেন তিনি। মঈন তার পরের ওভারে শিকার করেন
আরো বড় উইকেট। ১২ বলে ৮ রান করে মঈনের বলে বোল্ড হয়ে যান সাকিব।
বাংলাদেশের হয়ে এদিন লড়াই করেন শুধু শান্ত। ৮২ বলে ছয়
বাউন্ডারিতে ৫৮ রান করে আদিল রশিদের শিকার হন সদ্য সমাপ্ত বিপিএলের সর্বোচ্চ রান
সংগ্রাহক। শান্তর সঙ্গে ৫৩ রানের জুটি গড়া মাহমুদউল্লাহ (৪৮ বলে ৩১) এরপর দ্রুতই
আউট হয়ে যান। উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দেন তিনি। এরপর জোফরা আর্চার, উইল
জ্যাকস ও মঈন আলী নিয়মিত উইকেট শিকার করে বাংলাদেশকে ২০৯ রানে অলআউট করেন। আর্চার,
উড, মঈন ও রশিদ প্রত্যেকেই দুটি করে এবং ওকস ও জ্যাকস একটি করে উইকেট নেন।










