বার্বাডোজে শনিবার দিবাগত রাতে আগ ব্যাট করতে নেমে ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় ২০১ রানের পাহাড় গড়ে অজিরা। সবোর্চ্চ ৩৯ রান করেন ডেভিড ওয়ার্নার। পরে অজিদের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই রান ডিফেন্ড করলেন দারুণভাবে। ৬ উইকেটে ১৬৫ রানে থেমেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া জিতেছে ৩৬ রানে। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। শেষবার ২০০৭ সালে কেপটাউনে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারায় তারা।

 

২০১ রানের জবাবে ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ২৩ বলে ৩৭ আর জস বাটলার ২৮ বলে করেন ৪২ রান। এরপরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। মঈন আলি ১৫ বলে ২৫ ও হ্যারি ব্রুক ১৬ বলে করেন অপরাজিত ২০ রান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ২৩ রানে আর অ্যাডাম জাম্পা ২৮ রান খরচায় দুটি করে উইকেট।

 

এর আগে ইংল্যান্ডের বোলিংকে উড়িয়ে ৭ উইকেটে ২০১ রানের বড় পুঁজি গড়েছিল অস্ট্রেলিয়া। এটিই চলতি টুর্নামেন্টে প্রথম দুশোর্ধ্ব সংগ্রহ। টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেড। ৫ ওভারে ৭০ রান তুলে দেন তারা। পঞ্চম ওভারে ১৬ বলে ২ চার আর ৪ ছক্কায় ৩৯ করে ওয়ার্নার বোল্ড হন মঈন আলির ঘূর্ণিতে। পরের ওভারে হেডকে বোল্ড করেন জোফরা আর্চার। ১৮ বলে ৩৪ রানের ইনিংসে হেড ২টি বাউন্ডারি আর ৩টি ছক্কা হাঁকান।

 

শেষদিকে মারকুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে দুশর ঘরে পৌঁছে দেন মার্কাস স্টয়নিস আর ম্যাথু ওয়েড। স্টয়নিস ১৭ বলে ৩০ করে ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন। ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ওয়েড। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ২ উইকেট পেলেও খরচ করেন ৪৪ রান। একটি করে উইকেট নেন মঈন আলি, জোফরা আর্চার, আদিল রশিদ আর লিয়াম লিভিংস্টোন।