আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা নির্ধারিত হয় ৪৩ ওভারে। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করেন বাংলাদেশের নারীরা। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান অজিরা (১৩৬/৫)।

৪১ রানে ৪ উইকেট নিয়ে শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে ভীতি ধরিয়ে দেন বাংলাদেশের বোলাররা। অজিদের টপ অর্ডারের তিন ব্যাটারকেই তুলে নেন অফ-স্পিনার সালমা খাতুন। পরে বেথ মুনি ও অ্যানাবেল সাদারল্যান্ড অস্ট্রেলিয়াকে নিরাপদে লক্ষ্যে পৌঁছে দেন। ৭৫ বলে ৬৬ রান করেছেন মুনি এবং ৩৯ বলে ২৬ রান করেন সাদারল্যান্ড। ৬৬ রানের জুটি গড়ে দুজনই ছিলেন অপরাজিত।

এর আগে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে বড় কোনো ইনিংস খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৩ রান করেন লতা মণ্ডল। এছাড়া শারমিন আখতার ২৪, সালমা ১৫ ও মুরশিদা খাতুনের ব্যাট থেকে আসে ১২ রান। অজি বোলাররা অতিরিক্ত দিয়েছেন ১৮ রান।

রবিন রাউন্ড লিগে সাত ম্যাচের সবকটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারো শিরোপাপ্রত্যাশী।