আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ, যা আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। এই সিরিজ সামনে রেখে ইংলিশ কন্ডিশনের কথা মাথায় রেখে তামিম ইকবালদের প্রস্তুতি প্রস্তুতি ক্যাম্প হবে সিলেটে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে আজ সোমবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। ঈদের পর ২-৩ দিনের ওই ক্যাম্প হবে বলে জানিয়েছেন তিনি। ইউনুস বলেন, ‘খুব সম্ভবত ২৬-২৭ এপ্রিলের দিকে ক্যাম্প হবে। ইংল্যান্ডের উদ্দেশে দল দেশ ছাড়বে ১ মে। উইকেট-কন্ডিশনের কথা চিন্তা করে সিলেটে ঠিক করা হয়েছে। ওখানের উইকেটটা বিশেষ করে।’ 

 

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ইচ্ছাতেই যে ক্যাম্প সিলেটে হচ্ছে তা জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘‌প্রধান কোচই এটা ঠিক করেছেন যে, সিলেট হলে ভালো। ঢাকা থেকে বাইরে দূরের কোনো ভেন্যুতে ক্যাম্প করার চিন্তাভাবনা ছিল তার। সেক্ষেত্রে সিলেট ভেন্যুকে সবচেয়ে ভালো মনে করা হয়েছে।’

 

দলের বেশিরভাগ সদস্য ১ মে রওনা হলেও লিটন দাস ও মুস্তাফিজুর রহমান যাবেন পরে। এ দুজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গেছেন। তারা দুজন সেখান থেকেই সরাসরি ইংল্যান্ড যাবেন। লিটন ও মুস্তাফিজ এখনো কোনো ম্যাচ খেলেননি। মুস্তাফিজ ৩১ মার্চ গেলেও লিটন কলকাতায় পৌঁছেন ৯ এপ্রিল।

জালাল ইউনুস এ নিয়ে বলেন, ‘‌লিটন দুই দিন বেশি ছুটি চেয়েছে। দল ওখানে পৌঁছাবে ২ মে। তবে লিটন দলের সঙ্গে যোগ দেবে ৫ তারিখে। আমরা এতে রাজি হয়েছি। মুস্তাফিজ সেখানে সময় মতোই (২ মে) দলের সঙ্গে যোগ দেবে।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ মে। হাথুরুসিংহের চাওয়ায় প্রায় ১ সপ্তাহ আগেই সেখানে যাওয়া হচ্ছে বলে জানান জালাল ইউনুস। 

চেমসফোর্ডে তিন ম্যাচ যথাক্রমে আগামী ৯, ১২ ও ১৪ মে। সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ওয়ানডে, টি২০ সিরিজ ও একমাত্র টেস্ট ম্যাচে হেরেছে আইরিশরা। এবার ইংল্যান্ডের মাঠে ওয়ানডে সিরিজটা  আয়ারল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে তারা।