সুপার স্পোর্টকে সঙ্গে নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নতুন টি২০ লিগ নিয়ে
আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ২০২৩ সালে টুর্নামেন্টের প্রথম আসর বসবে বলে
জানিয়েছে সংস্থাটি। আর সেটি হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরের
পর। এছাড়া প্রতি বছর জানুয়ারিতেই মাঠে গড়াবে প্রতিযোগিতাটি। তবে এই টুর্নামেন্টের
নাম কি হবে, তা এখনো প্রকাশ করেনি সিএসএ।
এক বিবৃতিতে সিএসএ জানিয়েছে, দক্ষিণ
আফ্রিকার স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশি খেলোয়াড়দেরও নেয়া হবে এই টুর্নামেন্টে।
অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো এখানেও প্রতি ম্যাচে সর্বোচ্চ চারজন করে বিদেশি
খেলানো যাবে। নিলামের মাধ্যমে গঠন করা হবে দল।
এই প্রতিযোগিতায় ক্রিকেটারদের পারিশ্রমিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো হবে না।
তবে বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো সমানতালে পারিশ্রমিক দেয়া হবে বলে
জানিয়েছে সিএসএ।
ছয়টি দল নিয়ে হবে টুর্নামেন্টের প্রথম আসর। যেখানে অংশগ্রহণকারী দলগুলো
গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। সেরা তিন দলকে নিয়ে হবে প্লে-অফ। সবমিলিয়ে
তিন-চার সপ্তাহের
মধ্যে শেষ হবে ৩৩ ম্যাচের এই টুর্নামেন্ট।
সুপার স্পোর্টের সিইও মার্ক জুরি বলেছেন, আমরা এমন একটি
পণ্যে বিনিয়োগ করতে পেরে আনন্দিত। যা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের চেহারা বদলে দেবে।
ক্রিকইনফো










