বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফের রেসে ওঠার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের তানজিদ হাসান তামিম। ৫৮ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। চলতি আসরে এটা তৃতীয় ও বিপিএলের ইতিহাসে ৩২তম সেঞ্চুরি। চলতি দশম আসরে তানজিদের আগে কুমিল্লার তাওহিদ হৃদয় ও একই দলের উইল জ্যাকস সেঞ্চুরি করেন।

 

৬৫ বলে সমান ৮টি চার ও ৮টি ছক্কায় ১১৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তানজিদ। এছাড়া টম ব্রুস ২৩ বলে ৩৬ রান করেন। দ্বিতীয় উইকেটে সৈকত আলীকে নিয়ে ৩৭ বলে ৫৬ ও তৃতীয় উইকেটে ব্রুসকে নিয়ে ৬১ বলে ১১০ রানের পার্টনারশিপ গড়ে দলকে বড় সংগ্রহ (১৯২/৪) এনে দেন তানজিদ।

 

রাউন্ড রবিন লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি। ১১ ম্যাচের ৯টি জিতে রংপুর রাইডার্স এরই মধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। রাউন্ড রবিন লিগের বাকি চার ম্যাচেই তিন দলের ভাগ্য নির্ধারণ হবে।

 

১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকা চট্টগ্রামের এটাই শেষ সুযোগ। খুলনা ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে। আজ চট্টগ্রাম জিতলে চতুর্থ স্থান প্রায় নিশ্চিত হবে। হারলে বিদায়। হারলে খুলনারও বিদায় প্রায় নিশ্চিত হবে। আগামী শুক্রবার ঢাকায় নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারালে তবেই ক্ষীণ সুযোগ থাকবে খুলনার।

 

চট্টগ্রামের নেট রানরেট -০.৭৫৭, আর খুলনার -০.১০১।

 

এদিকে, ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজ সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। এই দুই দলের শীর্ষ দুটি স্থান প্রায় নিশ্চিতই বলা যায়। যদিও কুমিল্লা নিজেদের বাকি দুটি ম্যাচ জিতে চাইবে টেবিলের শীর্ষস্থান দখলে নিতে। সেক্ষেত্রে আজ বড় জয়ের পর শুক্রবার তাদের জিততে হবে ফরচুন বরিশালের সঙ্গে।

 

সোমবার রাতে আবু হায়দার রনির রেকর্ড বোলিংয়ে বরিশালকে হারিয়েছে রংপুর। ৪ ওভারে ১২ রান খরচায় ৫ উইকেট এই পেস বোলরা। বিপিএলে বাংলাদেশের বোলারদের সেরা বোলিং এটিই। আগের সেরা ছিল সাকিব আল হাসানের ১৬ রানে ৫ উইকেট। সব মিলিয়ে টুর্নামেন্টের ইতিহাসে এর চেয়ে কম রানে ৫ উইকেটের নজির আছে দুটি।

 

আগে ব্যাট করে রনির বিধ্বংসী বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১৫১ রান তোলে বরিশাল। জবাবে বরিশাল বোলারদের তোপের মুখে পড়লেও শেষ পর্যন্ত ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় রংপুর। উজ্জীবিত রাইডার্স আজ শেষ ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে।