কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আজ শনিবার সকালে টেক্সাসে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। বুধবার সকালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা সেমিফাইনাল।

 

বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালের দুই দল নির্ধারণ হবে রোববার সকালে। ২০২১ সালের মতো আরেকটি আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনালের সম্ভাবনাও রয়েছে। এজন্য রোববার সকালে উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও পরে সেমিফাইনাল জিততে হবে ব্রাজিলকে এবং কানাডার বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে।

 

কানাডাকে হারিয়েই এবারের আসর শুরু করে আর্জেন্টিনা। ২১ জুন আটলান্টায় ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারায় লিওনেল মেসির দল। কানাডা পরে পেরুকে হারিয়ে ও চিলির সঙ্গে ড্র করে পৌঁছে যায় নকআউট পর্বে। ভেনেজুয়েলাকে হতবাক করে দিয়ে তারা এখন সেমিফাইনালে, যেখানে আগেই তাদের জন্য অপেক্ষায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারও কি একই ফল বরণ করবে ম্যাপল লিফার্সরা, নাকি ফেভারিট দলটিকে হারিয়ে প্রতিশোধ নেবেন আলফনসো ডেভিডসরা?

 

আজ লাতিন দল ভেনেজুয়েলা ও উত্তর আমেরিকার দল কানাডার ম্যাচে কেউ কাউকে ছাড়েনি। জ্যাকব শাফেলবার্গ ১৩ মিনিটেই কানাডাকে এগিয়ে দেন। ভেনেজুয়েলার হোসে রনডন ৬৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন।   

 

কোপায় অতিরিক্ত সময়ের খেলা না থাকায় সরাসরি টাইব্রেকারে গড়ায়। স্পট কিকের এই ভাগ্য পরীক্ষায় কানাডা ৪-৩ গোলের জয় তুলে নেয়। কানাডার জোনাথন ডেভিড, ময়েজ বোম্বিতো, আলফনসো ডেভিস ও জর্ডান কোনে গোল করেন। আর ভেনেজুয়েলার হয়ে লক্ষ্যভেদ করেন রনডন, এদুয়ার্দো রিঙ্কন ও লিওনেল কাদিজ। হেরেয়া রাভেলো, সাভারিনো কুইন্তেরো ও অ্যাঞ্জেল রোমেরো গোল করতে ব্যর্থ হয়েছেন।

 

টাইব্রেকারে প্রথম ৫ শটের মধ্যে দুটি দলই দুটি করে শটে ব্যর্থ হয়। ফলে সাডেন ডেথে গড়ায় ম্যাচ। কানাডার গোলকিপার ম্যাক্স ক্রেপিউর ভুলে সমতা এনেছিল ভেনেজুয়েলা। সেই ক্রেপিউ সাডেন ডথে অ্যাঞ্জেলের শট ঠেকিয়ে কানাডাকে সেমিফাইনালে তুলেছেন।

 

কোপা আমেরিকায় প্রথমবার অংশ নিয়েই সেমিফাইনালে উঠে গেল কানাডা। আমেরিকান কোচ হেসে মার্শ গত মে মাসে কানাডার দায়িত্ব নিয়েই চমক দেখালেন। আজ তার দলটি ভেনেজুয়েলার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আগ্রাসী ফুটবল খেলে জয় তুলে নেয়।