সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো টি২০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নেমেছে বাংলাদেশ। তৃতীয় টি২০ ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে চলতি সিরিজে তিন ম্যাচেই টস জিতল স্বাগতিকরা। অতিথি দলটি চতুর্থ ওভারের প্রথম বলে হারায় ধনাঞ্জয়া ডি সিলভাকে। চাপে পড়া দলটি পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেটে ৪১ রান তুলতে সমর্থ হয়।

 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের স্কোয়াডে কোনো পরিবর্তন নেই। তবে সফরকারীদের দলে আছে তিনটি পরিবর্তন। চোটে পড়া পেস সেনসেশন মাথিসা পাথিরানার জায়গায় আসছেন নুয়ান তুষারা আর দিলশান মাদুশঙ্কা জায়গা ছেড়ে দেবেন অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভাকে। রানখরায় ভোগা আভিস্কা ফার্নান্দোর জায়গায় এসেছেন ধনাঞ্জয়া।  

 

ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। এর আগে চারটি দ্বিপাক্ষিক সিরিজ খেললেও কখনো ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি। টাইগারদের সামনে এবার সেই সুযোগ।

 

শ্রীলংকার সঙ্গে এর আগে চারটি টি২০ সিরিজ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। বাকিটি হয়েছে ড্র। ২০১৩ সালে ঘরের মাঠে ১-০তে, ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে ২-০তে ও ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে ২-০তে টি২০ সিরিজ জয় করে শ্রীলংকা। ২০১৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজটা ১-১-এ ড্র হয়। এবার প্রথমবারের মতো সিংহলিজদের হারানোর হাতছানি শান্তদের সামনে।

 

সিরিজ জিতে ইতিহাস গড়ার বিষয়টি উঠে এলো গতকালের সংবাদ সম্মেলনে। বাংলাদেশ দলের লংকান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ বিষয়ে এক প্রশ্নের মুখে বলেছেন, ‘আপনি যেমন বললেন, আমরা ইতিহাসটা বদলানোর দ্বারপ্রান্তে আছি। হ্যাঁ, আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলংকা খুবই ভালো টি২০ দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেয়ার চেষ্টা করছি।’

 

প্রথম ম্যাচে জাকের আলী ও মাহমুদউল্লাহর লড়াকু ফিফটিতে ভর দিয়ে ২০৭ রান তাড়া করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় মাত্র ৩ রানে হেরে যায় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ে দাপট দেখিয়ে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা।

 

টি২০তে এখন পর্যন্ত ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এই দ্বৈরথে সিংহলিজরাই এগিয়ে। তাদের ১০ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৫টি। আজ ব্যবধান কমানোর সুযোগ স্বাগতিক দলের সামনে।