র্যাশফোর্ডকে নিয়ে আগামী মৌসুমে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানালেন ম্যানইউর কোচ মাইকেল ক্যারিক।
ম্যানইউতে ভালো করতে না পারায় র্যাশফোর্ডকে এক মৌসুমের জন্য ধারে খেলতে পাঠানো হয়। বার্সেলোনা চাইলে ৩ কোটি ইউরোয় তাকে স্থায়ীভাবে কিনতে পারবে, যা ১৫ জুনের মধ্যে ম্যানইউকে জানাতে হবে। ম্যানইউর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিনিময়ে ৩ কোটি ইউরোই চায়।
২৮ বছর বয়সী র্যাশফোর্ড বার্সার জার্সিতে ভালো পারফর্ম করায় আসন্ন বিশ্বকাপে টমাস টুখেলের পরিকল্পনায় রয়েছেন বলে জানা গেছে। ম্যানইউতে তার চুক্তির মেয়াদ আরো দুই বছর বাকি আছে। আর ম্যানইউ আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারলে তার পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ২৫ শতাংশ বেড়ে যাবে।
র্যাশফোর্ডকে নিয়ে ক্যারিক বলেন, ‘কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং মার্কাস তার মধ্যে একটি। তবে এ মুহূর্তে তাকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটা অবশ্য দ্রুতই নিতে হবে। তবে এ মুহূর্তে সিদ্ধান্ত আসেনি।’
সাবেক ম্যানেজার রুবেন আমোরিম ম্যানইউর কোচ হয়ে আসার পর ব্রাত্য হয়ে পড়েন র্যাশফোর্ড। তাকে প্রথমে ধারে খেলতে পাঠানো হয় অ্যাস্টন ভিলায়। পরে সেখান থেকে পাঠানো হয় বার্সেলোনায়। ক্যারিক তাকে ফেরাতে পারেন বলে সম্ভাবনা রয়েছে।
ক্যারিক রয়েছেন ভিন্ন এক অবস্থানে। ম্যানইউর ইতিহাসে সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকায় তিনি আছেন ১৫তম স্থানে। সর্বোচ্চ গোলদাতা র্যাশফোর্ডের সাবেক সতীর্থ ও সাবেক কোচ তিনি। ২০২১ সালে ওলে গুনার সোলশারের বিদায়ের পর তিন ম্যাচে ম্যানইউর কোচ ছিলেন ক্যারিক, ওই সময় তার অধীনে খেলেছেন র্যাশফোর্ড।
এ কারণেই খেলোয়াড়টিকে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরাতে পারেন তিনি। গত জানুয়ারিতে আমোরিমকে বরখাস্ত করা হলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব পান ক্যারিক। আগামী গ্রীষ্মে তিনি ক্লাবটির পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ পেতে পারেন।
ক্যারিক বলেন, ‘এখানে যে-ই আসুক না কেন, আমি তার সঙ্গে কাজ করতে চাই, তাকে উন্নতি করতে সাহায্য করতে চাই। এ মুহূর্তে এটাই আমার স্কোয়াড। কিছু খেলোয়াড় তো ধারে দেয়া আছে। যা-ই ঘটুক না কেন, সেটা পরের বিষয়। কিন্তু এটা নিশ্চিতভাবেই বলতে পারি, স্কোয়াডের নেতা হিসেবে কিংবা কোচ হিসেবে আমি প্রত্যেকের কাছ থেকে সেরাটাই চাইব।’
গতকাল রাতে চেলসির মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছিল ম্যানইউ। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ছিল চেলসি। ম্যানইউর ওপরে আর্সেনাল (৭০) ও ম্যানসিটি (৬৪)।










