শততম টি-টোয়েন্টি খেলতে
নামা ডেভিড ওয়ার্নার জ্বলে উঠে করলেন ফিফটি। ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে
অস্ট্রেলিয়া।
শুক্রবার (৯
ফেব্রুয়ারি) সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১১ রানে হারিয়েছে ওয়েস্ট
ইন্ডিজকে। ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।
টস হেরে ব্যাটিংয়ে নেমে
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে পুরো ওভার খেলে ৮
উইকেটে ২০২ রান করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাট করতে নেমে
শুরুতেই ঝড় তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার ও জশ ইংলিশ। পাওয়ারপ্লেতে এ
জুটি তোলেন ৭৭ রান। ৮ ওভার স্থায়ী এ জুটি থেকে আসে ৯৩ রান। ২২ বলে ক্যারিয়ারের
শততম টি-টোয়েন্টি ম্যাচে ২৫তম ফিফটি তুলে নেন ওয়ার্নার। ২৫ বলে ৩৯ রান করা ইংলিশকে
অষ্টম ওভারে সাজঘরে ফেরান ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার।
তবে মিডল অর্ডারের
ব্যাটাররা তাদের ইনিংস বেশি বড় করতে পারেনি। পঞ্চম উইকেটে অস্ট্রেলিয়া সংগ্রহ করে
১৫৯ রান। অধিনায়ক মিচেল মার্শ ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ১০ এবং মার্কাস স্টনিয়াস ৯
রান করে সাজঘরে ফেরেন। ওয়ার্নার ৩৬ বলে ৭০ রান করে আউট হন।
ষষ্ঠ উইকেটে ২৩ বলে ৫০
রান তুলে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ এনে দেন টিম ডেভিড ও
উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। ১৭ বলে অপরাজিত ৩৭ রান করেন ডেভিড এবং ১৪ বলে ২১ রান করেন
ওয়েড।
এ ম্যাচে আন্দ্রে রাসেল
তিনটি ও আলজারি জোসেফ দুটি উইকেট নেন।
২১৪ রানের টার্গেটে
ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জনসন চালর্স।
ছয়টি চার ও একটি ছক্কায় ২৫ বলে ৪২ রান করা চার্লসকে সাজঘরে ফেরায় অ্যাডাম জাম্পা। টি-টোয়েন্টিতে নবম হাফ সেঞ্চুরি তুলে ৫৩ রান করে মার্কাস স্টনিয়ামসের বলে আউট হন কিং।
১১তম ওভারে দলীয় ১০০
রানে দুই ওপেনারের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে
পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৩ রানে অষ্টম ব্যাটারকে হারিয়ে লড়াই থেকে
ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে শেষ ১৫ বলে ৫১ রানের দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের।
এ অবস্থায় শেষ দিকে
ব্যাট হাতে ঝড় তুলেছেন হোল্ডার। তবে তিনটি চার ও দুটি ছক্কায় ১৫ বলে হোল্ডারের
অপরাজিত ৩৪ রানেও হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেটে
২০২ রানের করে ক্যারিবীয়রা।
ম্যাচে জাম্পা তিনটি ও স্টনিয়াস উইকেট নেন দুটি।










