মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয়া বাংলাদেশ প্রথম ১০ ওভারে ইংলিশদের চার উইকেট শিকার করে এগিয়ে রয়েছে। ১০ ওভারশেষে অতিথিদের সংগ্রহ ৬৩/৪।

 

তৃতীয় ওভারে ওপেনার ডেভিড মালানকে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। ছক্কা মারতে গিয়ে হাসান মাহমুদকে ক্যাচ দেন তিনি।

 

সপ্তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই ফিল সল্টকে আউট করেন সাকিব আল হাসান। নিজের বলেই ক্যাচ দেন সাকিব। পরের ওভারে হাসান মাহমুদও প্রথম আক্রমণে এসে বোল্ড করেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে। দলে ঢোকা মেহেদী হাসান মিরাজও প্রথমবার বোলিং এসেই সফলতা পান। তার বলে ডিপ মিডউইকেটে বদলি ফিল্ডার শামীম হোসেনকে ক্যাচ দেন মঈন আলী।

  

ব্যাটার শামীম হোসেনের জায়গায় বাংলাদেশের একাদশে এসেছেন অলরাউন্ডার মিরাজ। আর ইংল্যান্ড দলে অভিষেক ঘটেছে ১৮ বছর বয়সী স্পিনার রেহান আহমেদের। তিনি খেলবেন পেসার মার্ক উডের জায়গায়।

 

এই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে এসেছে পরিবর্তন। ফিল সল্টের সঙ্গে ওপেন করতে নামেন ডেভিড মালান, যদিও অন্য সব সময় ওপেন করেন জস বাটলার। ২০১৮ সালের পর এই প্রথম টি২০তে ওপেন করছেন না বাটলার। যদিও পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ব্যর্থ ইংলিশ শিবির।

 

প্রথম ম্যাচে ছয় উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের।