লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট। প্রথম দিন শেষে অজিদের সংগ্রহ ৫ উইকেটে ২৩২ রান। ক্যামেরন গ্রিন ২০ ও অ্যালেক্স ক্যারি ৮ রানে অপরাজিত আছেন। বিপর্যয়ের সময় দলকে টানার পর ব্যক্তিগত ৯১ রানে আউট হন উসমান খাজা, যিনি রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টেও ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন!

 

তিন ম্যাচের সিরিজে প্রথম ও দ্বিতীয় টেস্ট ড্র হয়েছে। ফলে শেষ টেস্টটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। এ টেস্ট দিয়ে এক যুগ পর লাহোরে ফিরেছে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট।

 

আজ টস জিতে আগে ব্যাটিং বেছে নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সূচনাটা খারাপই হয় অতিথিদের। সকালে তৃতীয় ওভারে তিন বলের মধ্যে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনকে সাজঘরে ফিরিয়ে দেন পাকিস্তানের ফাস্ট বোলার পেসার শাহিন শাহ আফ্রিদি।

 

শুরুতে আফ্রিদির এমন বোলিং যেন কামিন্সের প্রথমে ব্যাটিং বেছে নেয়ার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছিল। কারণ এ মাঠে প্রথমে ব্যাটিং করা দলগুলো বরাবরই ধুঁকছিল। লাহোরে সর্বমোট ৪০টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ২২টি ড্র হয়। ১৮টি ম্যাচ দলগুলো জিতেছে। মাত্র তিনটি ম্যাচে আগে ব্যাটিং করা দল জিততে পেরেছে। অপরদিকে ১৫টি ম্যাচে আগে বোলিং করা দল জিতেছে।

 

আজ দলীয় ৮ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপা পড়া অস্ট্রেলিয়াকে তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও উসমান খাজা পথ দেখান। জুটিতে দুজনে তোলেন ১৩৮ রান। ১৬৯ বলে ৫৯ রান করে নাসিম শাহর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্মিথ। এরপর ব্যক্তিগত ২৬ রানে ট্রাভিস হেডকেও ফেরান নাসিম। দেখে-শুনে খেলে হাফসেঞ্চুরি পর সেঞ্চুরির পথে হাঁটছিলেন খাজা। কিন্তু তৃতীয় সেশনে অফস্পিনার সাজিদ খানের ঘূর্ণিতে বাবর আজমের তালুবন্দী হন অজি ওপেনার। ২১৯ বল মোকাবেলায় ৯১ রান করেন খাজা। ৯টি চার ও একটি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি।