নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোমবার বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক নেপাল। এর আগে চারবার ফাইনাল খেলে একবারও শিরোপার নাগাল পায়নি নেপালিরা। প্রতিবার ফাইনালে তারা হেরেছে ভারতের কাছে। এবার ঘরের মাঠে ফাইনাল বলে সুযোগ হাতছাড়া করতে চায় না দলটি। নেপাল কোচ কুমার থাপা শিরোপা নেপালের বাইরে যেতে দিতে চান না।

 

আজ সংবাদ সম্মেলনে কুমার থাপা বলেছেন, এবার নতুন চ্যাম্পিয়নের মাথায় উঠছে মুকুট। এটা সবাই জানে এবং আমরা এই সুযোগ হারাতে চাই না। ৯০ মিনিট পর আমরা সমর্থকদের নিরাশ করতে চাই না। সাফ ট্রফিটা এখন নেপালে আছে এবং আমরা এটিকে বাইরে যেতে দিতে চাই না। আমরা এই ট্রফিটা জিততে চাই এবং আগামী দুই বছর চ্যাম্পিয়ন থাকতে চাই।

 

তিনি আরো বলেন, সেমিফাইনালে ভারতের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট, এখন ফাইনালে আরো ভালো করতে চাই। আমরা স্ট্র্যাটেজি শুধরে নিয়েছি, কঠোর পরিশ্রম করছি এবং সমর্থকরাও আমাদের সঙ্গে আছে। আমরা পরিশ্রম বিফলে যেতে দেব না।

 

নেপালি কোচ স্বীকার করেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী বাংলাদেশ। তার কথায়, বাংলাদেশ দলের প্রাণশক্তি আর চেতনা বেশ ভালো এবং আমরা তাদের সম্মান করছি। বাংলাদেশ দলটি বেশ তরুণ, অতীতের চেয়ে শক্তিশালী। আবহাওয়া অনুকূলে থাকলে একটি ভালো ম্যাচ হবে বলে আশা করি।