বাংলাদেশ
ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ
ক্রীড়া সাংবাদিকদের নিয়ে সম্প্রতি যেসব আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তার তীব্র
প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় দেশের
ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন বিএসপিএ।
বিএসপিএ জানায়,
সাংবাদিকদের ওপর তাদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে তাদের কথাবার্তায়। তারা শুধু সাংবাদিকদের নয়, তাদের পরিবার এমনকি সাংবাদিকদের মা-বাবাকে পর্যন্ত কটাক্ষ করতে ছাড়েননি। এটা পুরো সাংবাদিক সমাজকে ভীষণভাবে আহত করেছে। একজন কিংবদন্তি খেলোয়াড়
হিসেবে বাফুফে সভাপতি পদে বসার পর কাজী সালাউদ্দিনকে ২০১২ সালে বিএসপিএ সম্মানসূচক
অনারারি সদস্য পদ দিয়ে আপন করে নিয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে তার
আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক
সংগঠনের মতাদর্শের পরিপন্থী। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে
আঘাত হেনেছে। তাই বিএসপিএর
কার্যনির্বাহী কমিটি আজ (বুধবার) জরুরি সভা করে কাজী মো. সালাউদ্দিনকে অনারারি সদস্য পদ থেকে বহিষ্কার করার
সিদ্ধান্ত নিয়েছে।’
সম্প্রতি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বোর্ড সভাশেষে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরুর আগে সহকর্মীদের
সঙ্গে সালাউদ্দিনকে সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে কটাক্ষ করতে শোনা যায়। সাংবাদিকের
অন করা রেকর্ডার থেকে জানা যায়, পাশে থাকা বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের কাছে
সালাউদ্দিন বলছিলেন, ‘জার্নালিস্টরা এখানে
ঢুকতে গেলে ফটো (ছবি) দিতে হবে তাদের বাপ-মার। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাতে
হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
সালাউদ্দিনের
এ কথার পর ক্ষোভে ফেটে পড়েন ক্রীড়া সাংবাদিকরা।










