ইংল্যান্ডের বিপক্ষে আজ প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে
ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ভালো সূচনা করলেও দলীয় ৩৩ রানে লিটন দাসকে হারায় স্বাগতিকরা।
দলের হাফসেঞ্চুরি পূর্ণ হওয়ার পরপর সাজঘরের পথ ধরেন অধিনায়ক তামিম ইকবালও। তৃতীয়
উইকেটের পতন ঘটে শতরান পূর্ণ হওয়ার আগেই। তৃতীয় উইকেটে ৬২ বলে ৪৪ রান যোগ করে
বিচ্ছিন্ন হন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এরপর দ্রুত ফেরেন সাকিব আল
হাসানও।
এ প্রতিবেদন লেখার সময় ২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল চার
উইকেটে ১০৭। শান্ত ৪০ ও মাহমুদউল্লাহ এক রানে ব্যাট করছিলেন।
পঞ্চম ওভারে লিটন দাসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ক্রিস ওকস।
লিটন করেন ১৫ বলে সাত রান। এরপর মার্ক উড আক্রমণে এসেই বোল্ড করেন তামিমকে। ৩২ বলে
২৩ রান করেন তিনি চারটি বাউন্ডারির সাহায্যে।
মুশফিকুর রহিম ১৭তম ওভারে মঈন আলীর বলে ছক্কা হাঁকাতে গিয়ে একবার
জীবন পান। যদিও ২০তম ওভারে আদিল রশিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। সুইপ করতে
গিয়ে ডিপ মিড উইকেটে মার্ক উডকে ক্যাচ দেন তিনি। মঈন তার পরের ওভারে শিকার করেন আরো
বড় উইকেট। ১২ বলে ৮ রান করে মঈনের বলে বোল্ড হয়ে যান সাকিব।










