ভোর রাতে সিলেটে ছিল বৃষ্টি। তবে সকালে বৃষ্টি থামলেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আকাশ মেঘলা। মৃদু হাওয়া বইছিল। মাঝে মাঝে দেখা মিলছে সূর্যের। এমন প্রেক্ষাপটে শুক্রবার (২২ মার্চ) সিরিজের প্রথম টেস্ট টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূলত ভেজা উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় বোলিং নেয়ার কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টস জেতার পর তিনি বলেছেন, ‘উইকেট ভেজা মনে হচ্ছে। সকালের কন্ডিশনটা কাজে লাগাতে চাইব। আশা করি সুইং ও সিম মুভমেন্ট থাকবে।’
এদিকে এই ম্যাচে অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার। গতির জন্য আলোচনায় থাকা এই পেসার স্কোয়াডেও সুযোগ পেয়েছিলেন প্রথমবার। গতিই তার বোলিংয়ের বড় অস্ত্র। গত বিপিএলে ১৪৯.৭ কিলোমিটার গতিতে বোলিং করে চমকে দিয়েছিলেন সবাইকে। সঙ্গে ১৪৫-১৪৭ কিলোমিটার নিয়মিত বোলিং করে নিজের সামর্থ্য ফুটিয়ে তোলেন সবার সামনে। গতির জাদুতেই জাতীয় দলে খেলার স্বপ্নপূরণ হলো তার। তবে অপেক্ষা বেড়েছে মুশফিক হাসানের।
বাংলাদেশ দল: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।










