ভ্লাদিমির পুতিনের সমাবেশে অংশ নেয়ায় অলিম্পিকে স্বর্ণজয়ী রাশিয়ান সাঁতারু ইভজেনি রাইলভকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে ফিনা। ফিনা হচ্ছে সাঁতারে বিশ্বের সর্বোচ্চ সংস্থা।



এক বিবৃতিতে ফিনা জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সেনাদের অভিযানের সমর্থন করে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে একটি সমাবেশের আয়োজন করেন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সেই র্যালিতেই অংশ নিয়েছিলেন রাইলভ। এজন্য তাকে ৯ মাসের জন্য আন্তর্জাতিক সাঁতারের যে কোনো প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে।


শুধু রাইলভই নন, সমাবেশে রাশিয়ার আরো বেশ কিছু অ্যাথলিট অংশ নেন। তারা তাদের পোশাকে ‘জেড’ প্রতীক নিয়ে সমাবেশে অংশ নেন।

রাইলভ গত বছরের টোকিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন।


ওই সমাবেশে অংশ নেয়ার কারণে রাইলভ সাঁতারের পোশাক প্রস্তুতকারক স্পিডোর সঙ্গে তার স্পনসরশিপ চুক্তিও হারিয়েছিলেন।

রাইলভের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৩০ এপ্রিল থেকে। বিবিসি