ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে টানা চার মৌসুম ইংলিশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগ শিরোপা জিতল সিটিজেনরা।

 

আজ ২০২৩-২০২৪ মৌসুমের শেষ রাউন্ডে আর্সেনাল মাত্র দুই পয়েন্ট কম নিয়ে সিটিকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। যদিও সিটি নিজ ম্যাচে জয়লাভ করায় কোনোভাবেই আর তাদের থামানো যায়নি। ৩৮ রাউন্ড শেষে ৯১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার ম্যানসিটি। সমান ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ আর্সেনাল।

 

দারুণ এক সন্ধ্যার সাক্ষী হলো ইংলিশ প্রিমিয়ার লিগের দর্শক। লন্ডনের এমিরেটসে এভারটনকে ২-১ গোলে হারিয়ে দেয় আর্সেনাল। তবে ম্যানচেস্টারে সিটিজেনরা জয়লাভ করায় আর্সেনালের ২০ বছরের শিরোপা খরা আর ঘুচল না। তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে চ্যাম্পিয়ন হলো সিটি। আর্সেনাল হারলেও তাদের সমর্থকরা শেষ বাঁশি বাজার ওপর মাঠ ছাড়েননি। তারা খেলোয়াড়দের অবিশ্বাস্য লড়াইয়ের প্রতি সম্মান দেখিয়ে মাঠে অবস্থান করেন।

 

আজ ম্যাচের দুই মিনিটেই গোল করে সিটিকে এগিয়ে দেন চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ফিল ফডেন। বার্নার্দো সিলভার পাস থেকে গোলটি করেন তিনি। ১৮ মিনিটে জেরেমি ডকুর পাস থেকে তিনি আরেক গোল করেন। ৪২ মিনিটে ওয়েস্ট হ্যামের হয়ে মোহাম্মদ কুদুস একটি গোল পরিশোধ করেন। ৫৯ মিনিটে রদ্রির গোলে ফের ব্যবধান বাড়ায় সিটি এবং এর মধ্য দিয়ে সিটির জয় নিশ্চিত হয়ে যায়।  

 

২৫ মে আরেকটি রেকর্ড গড়ার সামনে ম্যানসিটি। এফএ কাপ ফাইনালে তারা মুখোমুখি হবে ম্যানইউর। আগে কোনো দল টানা দুই মৌসুম ঘরোয়া ‘ডাবল’ জিততে পারেনি।

 

২০১১ থেকে এখন পর্যন্ত মোট আটবার এবং ২০২০-২১ মৌসুম থেকে টানা চারবার লিগ শিরোপা জিতল ম্যানসিটি। এর আগে সর্বোচ্চ টানা তিনবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানইউ।

 

এদিকে, লিভারপুলের কোচ হিসেবে আজই অধ্যায়ের শেষ হলো ইয়ুর্গেন ক্লোপের। জয় দিয়েই শেষটা রাঙালেন তিনি। আজ লিভারপুল ২-০ গোলে হারায় উলভারহ্যাম্পটনকে।