স্প্যানিশ টেনিস গ্রেট রাফায়েল নাদাল অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষে টেনিসকে বিদায় বলবেন ২২ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন।

৩৮ বছর বয়সী নাদাল আগামী মাসে মালাগায় ডেভিস কাপে নিজ দেশ স্পেনের হয়ে খেলবেন।

ইনজুরির কারণে গত মৌসুমে খুবই কম টেনিস কোর্টে দেখা গেছে তাকে। গত বছরই তিনি জানিয়ে দেন, ২০২৪ সালে অবসর নিতে যাচ্ছেন। এবার ঘোষণাটি দিয়েই ফেললেন তিনি। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি বলেছেন: ‘আমি আপনাদের জানাতে চাই যে, পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হলো, গত কয়েকটি বছর, বিশেষ করে গত দুই মৌসুম কঠিন কেটেছে আমার। আমি মনে করি না যে, সমস্যা ছাড়া আর খেলতে পারব না।’

ইতিহাসের দ্বিতীয় সফলতম পুরুষ খেলোয়াড় হিসেবে অবসর নিতে যাচ্ছেন নাদাল। সর্বোচ্চ ২৪টি মেজর ট্রফি জিতে এক নম্বরে অবস্থান করছেন নাদালের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ। সার্বিয়ান খেলোয়াড়টি ২৫টি শিরোপা জিতে মার্গারেট কোর্টের রেকর্ড ছুঁয়ে ফেলার আশায় রয়েছেন। যদিও ইনজুরির কারণে এই রেস থেকে নাদাল ছিটকে পড়েছেন।

নাদালের শক্তির জায়গা মূলত ক্লে কোর্ট। তাকে বলাই যায় ‘ক্লে কোর্টের রাজা’। তিনি এক ফ্রেঞ্চ ওপেনই জিতেছেন রেকর্ড ১৪ বার! এছাড়া রোলাঁ গারোঁয় ১১৬ ম্যাচ খেলে ১১২টি জিতেছেন।

এছাড়া তিনি চারবার ইউএস ওপেন, দুবার করে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন শিরোপা জিতেছেন। এছাড়া অলিম্পিকে একক ও দ্বৈতে স্বর্ণপদক জয় করার কীর্তি আছে। স্পেনকে একাধিকবার ডেভিস কাপের শিরোপা জিতিয়েছেন, সর্বশেষ ২০১৯ সালে।

রজার ফেদেরার, নাদাল ও জোকোভিচকে বলা হতো ‘বিগ থ্রি’, যারা চলতি শতাব্দীর প্রথম থেকে টেনিসে আধিপত্য করে এসেছেন। এই তিনজন মোট ৬৬টি গ্র্যান্ডস্লাম জিতেছেন! ফেদেরার অবসর নিয়েছেন, এবার নিচ্ছেন নাদালও। বাকি থাকলেন শুধু জোকোভিচ। তিনিও ক্যারিয়ারের সায়াহ্নে।