গত বছরের অক্টোবরে যমজ সন্তানের বাবা হওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই অনুযায়ী গতকাল একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। কিন্তু দুই সন্তানের মধ্যে ছেলে সন্তানটি মারা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সন্তান হারানোর হৃদয়বিদারক খবর জানালেন রোনালদো।
ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে রোনালদো লিখেছেন, অনেক কষ্ট নিয়ে জানাচ্ছি যে, আমাদের ছেলে শিশুটি মারা গেছে। যেকোনো বাবা-মায়ের জন্যই এটা সবচেয়ে কষ্টকর। বেঁচে থাকা মেয়ে শিশুটিই এখন খানিকটা আশা ও সুখ নিয়ে আমাদের বেঁচে থাকার শক্তি জোগাচ্ছে। চিকিত্সক ও সেবিকাদের যথাসাধ্য চেষ্টার জন্য ধন্যবাদ জানাই।
এই অপূরণীয় ক্ষতিতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি এবং কঠিন সময় কাটিয়ে উঠতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি সবার কাছে। আমাদের ছেলে শিশু, তুমি আমাদের দেবদূত। আমরা সব সময় তোমাকে ভালোবাসব।
২০১০ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়রের বাবা হন রোনালদো। সারোগেসির মাধ্যমে ২০১৭ সালে যমজ সন্তান মাতেও ও ইভার জন্ম হয়। একই বছর জর্জিনার কোলজুড়ে আসে রোনালদোর চতুর্থ সন্তান কন্যা অ্যালাইনা মার্তিন।










