টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রের মাটিতে। ব্যাটে বলে কিছুটা খারাপ সময়ই পার করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, এরপর ভারতের বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানের পরাজয় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে তৈরি করেছে হতাশা। একের পর এক হার ছাড়াও বাংলাদেশ দলের অনুশীলন না করা নিয়েও হচ্ছে নানা রকম আলোচনা-সমালোচনা। তবে দলের একটা জয় পাল্টে দেবে সবকিছু, বিশ্বাস বাংলাদেশ জাতীয় দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদের। বলেন, আমরা যদি জিততে পারি, সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের উন্নতি করতে কাজ করে যাচ্ছি। জিতলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’
যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে বাংলাদেশ দল হোটেলেই সময় কাটিয়েছে বেশি। এর পাশাপাশি ক্রিকেটাররা বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। বাংলাদেশ দলের পর্যাপ্ত অনুশীলন না করার প্রসঙ্গে টাইগার এ স্পিডস্টার জানিয়েছেন, বাজে আবহাওয়ার কথা।
তাসকিন বলেন, ‘শুধু আমরা নই, সব দলই আবহাওয়ার কারণে বেশি অনুশীলনের সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল, সুযোগ-সুবিধা তুলনামূলক কম, যেহেতু যুক্তরাষ্ট্রে নতুন ক্রিকেট হচ্ছে। এটা ঠিক, হেরে মানসিকভাবে একটু ডাউন ছিলাম।’
বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করতে পারবে এমন এক প্রশ্নের জবাবে সহ অধিনায়ক বলেন, আসলে বলা কঠিন। প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো–মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি, কীভাবে খেলতে হবে। আশা করি, এগুলো সামনের ম্যাচগুলোয় সাহায্য করবে। যদি আমরা মোটামুটি রান করতে পারি, আমাদের পক্ষে ভালো কিছু সম্ভব। উইকেট একটু লো স্কোরিং।’










