গলে সিরিজের দ্বিতীয় টেস্টে ধনঞ্জয়া ডি সিলভার অনবদ্য সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে সংহত অবস্থানে শ্রীলংকা। আজ চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ৩২৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। তাদের লিড দাঁড়িয়েছে ২৭৯ রান।


দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার রানের প্রায় অর্ধেক আসে ধনঞ্জয়ার ব্যাট থেকে। ২৫৯ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৫৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। তাকে সঙ্গ দেয়া লাসিথ এমবুলদেনিয়া ১১০ বল মোকাবেলা করে ২৫ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার ভিরাস্যামি পারমল তিনটি ও রোস্টন চেজ একটি করে উইকেট নেন।


এর আগে তৃতীয় দিন দুই উইকেটে ৪৬ রান সংগ্রহ করে লংকানরা। চতুর্থ দিন সকালে সেখান থেকে ব্যাট করতে নেমে ৭৩ রানে তৃতীয় উইকেট হারায় দলটি। ব্যক্তিগত ১৯ রানে ফেরেন আগের দিন অপরাজিত থাকা চারিথ আসালঙ্কা। চতুর্থ উইকেটে ধনঞ্জয়াকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। ১৫১ রানে নিশাঙ্কা আউট হলে এ জুটি ভাঙে। ১৫৪ বল মোকাবেলায় ৬৬ রান করেন নিশাঙ্কা। এরপর দিনেশ চান্দিমাল ২, রমেশ মেন্ডিস ২৫, সুরাঙ্গা লাকমল ৭ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ফেরেন ১ রানে। ষষ্ঠ উইকেটে মেন্ডিসের সঙ্গে ৫১ ও নবম উইকেটে এমবুলদেনিয়ার সঙ্গে ১০৭ রানের হার না মানা জুটি গড়ে দলকে তিনশো পার করান ধনঞ্জয়া। এ পথে টেস্ট ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেন ধনঞ্জয়া।


প্রথম ইনিংসে লংকানদের সংগ্রহ ছিল ২০৪ রান। ওয়েস্ট ইন্ডিজ করে ২৫৩ রান।