বুধবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে লিভারপুল ও ভিলারিয়াল। এ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লোপ বলেছেন, ভিলারিয়ালকে কোনোভাবেই ছোট করে দেখছে না তার দল।


প্রতিপক্ষ হিসেবে ভিলারিয়ালকে মোটেও ছোট করে দেখতে চান না ক্লোপ। এই ভিলারিয়ালই কোয়ার্টার ফাইনালে হারিয়ে এসেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। এ নিয়ে ক্লোপ বলেন, আমরা খুবই শক্ত একটি প্রতিপক্ষকে মোকাবেলা করব। তারা মনে হয় এমন প্রতিযোগিতার জন্যই ফিট, তারা যেভাবে খেলে তা খুবই উপভোগ্য। আমার মনে হয়, গত দুই ম্যাচে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ তাদের হালকাভাবে দেখেছে বলেই তার সুবিধা আদায় করে নিয়েছে ভিলারিয়াল। কিন্তু আমাদের ক্ষেত্রে তা হবে না। বিশেষ করে, এই চারটি ম্যাচের পর তেমনটি ভাবার কোনো সুযোগই নেই।


এ নিয়ে পাঁচ মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো লিভারপুলকে ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলের শেষ চারে তুলেছেন ক্লোপ। অল রেডরা এখন চলতি মৌসুমে রেকর্ড চার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। কারাবাও কাপ জয়ী দলটি চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপের সেমিফাইনালে উঠেছে, আর প্রিমিয়ার লিগে শীর্ষ দল ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।


সামগ্রিক পরিস্থিতি নিয়ে ক্লোপ বলেন, এখন প্রতিটি ম্যাচকেই ফাইনালের মতো মনে হচ্ছে। আর সেমিফাইনালের অংশ হতে পারাটা দারুণ কিছু, এটা পাগলাটে ব্যাপার। এটা অনেক বড় ম্যাচ। বহু কোচ ও খেলোয়াড় সারাজীবন পরিশ্রম করে ও সাধনা করে সেমিফাইনাল অব্দি পৌঁছতে পারে না। আমরা যেহেতু সেখানে আছি কাজেই আমাদের উচিত একে উদযাপন করা ও আনন্দ করা।


লিভারপুল অধিনায়ক জর্ডান জানান, কোচ ক্লোপের অধীনে তারা এখন পর্যন্ত যা কিছু জিতেছেন তা ‘খুবই স্পেশাল’, কিন্তু ‘কোয়াড্রপল’ জিততে এখনো অনেক দূর যেতে হবে। তিনি বলেন, আমি জানি দলগুলো কতটা দ্রুত বদলে যায়। মানুষ আমাদের জয় নিয়ে কথা বলে, কিন্তু আমরা জানি, কতগুলো খারাপ ম্যাচ আমাদের সব আশা শেষ করে দিতে পারে। এখন আমরা পরের ম্যাচ ও পরের চ্যালেঞ্জ নিয়ে নিবিড়ভাবে এগোচ্ছি, তাতে প্রতিযোগিতা যেটিই হোক না কেন।