ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও অনিশ্চিত। সময়মতো খেলা শুরু হচ্ছে না জেনে মাঠেও আসেননি দুই দলের ক্রিকেটাররা। প্রকৃতির প্রতিকূল অবস্থা দেখে সবাইকে হোটেলেই থাকার পরামর্শ দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সোমবার সারাদিনই বৃষ্টি হতে পারে। যে কারণে আজকেও খেলা মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
এর আগে গতকাল দ্বিতীয় দিনে বৃষ্টি ও বাজে আবহাওয়ার ব্যাহত হয় খেলা। মাত্র ৬.২ ওভার খেলা হওয়ার পরই বিকেল ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা গড়ায় বেলা ১২টা ৫০ মিনিটে। বেলা ১টা ২০ মিনিটে ফের বন্ধ হয় দ্বিতীয় দিনের খেলা। সে পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৬৩.২ ওভারে পাকিস্তান সংগ্রহ পায় ১৮৮ রান। ব্যাট হাতে বাবর আজম ৭১ রানে ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের উইকেট দু’টি নেন তাইজুল ইসলাম।
প্রথম দিনেও ছিল আবহাওয়ার বিরূপ আচরণ। দ্বিতীয় সেশনে বৃষ্টিতে খেলা বন্ধ ছিল ২৫ মিনিট। আলোর স্বল্পতায় তৃতীয় সেশনের খেলা মাঠেই গড়ায়নি। পরে নির্ধারিত সময়ের আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রথম দিনের খেলা। পরিত্যক্ত হওয়ার আগে ৫৭ ওভার খেলা হয়েছিল।










