প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে নেমে অভিজ্ঞতা সুখকর হলো না মরক্কোর নারীদের। আজ সোমবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৭২ নম্বর র‍্যাংকধারী এই দেশটিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ও বিশ্বের দ্বিতীয় র‍্যাংকধারী দল জার্মানি।

 

আফ্রিকা কাপ অব নেশন্স এর রানার্সআপ হিসেবে বিশ্বকাপে উত্তীর্ণ হয় মরক্কো। আজ পরাশক্তি জার্মানির বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে বেশ নার্ভাস ছিলেন আরব খেলোয়াড়রা। মেলবোর্নে তাদের খেলতে হয়েছে ২০০৩ ও ২০০৭ সালের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নদের বিপক্ষে।

 

‘এইচ’ গ্রুপের এই ম্যাচে মরক্কো দল মাঝেমধ্যেই আক্রমণে বেশ বিপজ্জনক হয়ে উঠলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। উল্টো দুটো গোল আত্মঘাতী করে বসে। আর জার্মানরা দিয়েছে চারটি। এর মধ্যে অধিনায়ক আলেক্সান্দ্রা পপ করেন জোড়া গোল। ক্লারা বুহেল ও লিয়া শুলার একটি করে গোল পান। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে শুলারের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

 

আলেক্সান্ডার পপ এ নিয়ে টানা তিনটি বিশ্বকাপ গোল করলেন। বিশ্বকাপে তার মোট গোল এখন ৫টি। ইউরো ও বিশ্বকাপ মিলে গোল করেছেন ১১টি। এই ১১ গোলের মধ্যে  হেডে করেছেন আটটি (৭৩ শতাংশ)।

 

চলতি বিশ্বকাপে আটটি দল প্রথমবারের মতো খেলছে। মরক্কো এই আট দলের একটি। এর মধ্যে সপ্তম নবাগত দল হিসেবে প্রথম ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা। আর ২০১৯ আসর থেকে শুরু করে এখন পর্যন্ত টানা ১১তম নবাগত দল হিসেবে শুরুর ম্যাচ হারল মরক্কো। বিশ্বকাপে খেলা আফ্রিকার আট দলের ছয়টিই তাদের প্রথম ম্যাচ হেরেছে।

আজ প্রথম ম্যাচেই মরক্কো পড়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দলের সামনে। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয় পড়লেও দ্বিতীয়ার্ধে তারা হজম করে আরো চারটি গোল।

 

মাত্র দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে দুটি আত্মঘাতী গোল করল মরক্কো। ২০১৫ সালের আসরে সুইজারল্যান্ডের বিপক্ষে দুই গোল করেছিল একুয়েডর।


 

আজ সকালে ‘জি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় ইতালি। ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ানা গিরেয়ি ইতালির জয়সূচক গোল করেন।