চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ডিএলএস মেথডে ৫৩ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠে ভারত। বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিকদের বিপক্ষেই আজ নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগেই বিদায় নেয়া বাংলাদেশের জন্য এ ম্যাচটি আনুষ্ঠানিকতার। লাল-সবুজরা ৬ ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে। তারা নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয়। এরপর টানা হার ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলংকার কাছে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার সঙ্গে অবশ্য দুর্দান্ত লড়াই করে হেরেছেন নিগাররা। সর্বশেষ ম্যাচে শ্রীলংকার কাছে শেষ ওভারে টানা চার বলে উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে হার ছিল ৭ রানে। ৬ ম্যাচের মধ্যে ৫টিতে হারলেও প্রশংসা কুড়িয়েছে নিগারের দল। বিশেষ করে স্বর্ণা আক্তার, মারুফা আক্তাররা যে লড়াকু মানসিকতা দেখিয়েছেন, তার আইসিসির প্রশংসাও পেয়েছে।

২০২২ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে শুধু পাকিস্তানকে হারাতে সমর্থ হয় বাংলাদেশ। এবার দ্বিতীয় আসরেও একমাত্র জয় সেই পাকিস্তানের বিপক্ষে। আজ জিতলেও সেমিতে ওঠার সম্ভাবনা নেই। তবে নিজেদের গৌরবের জন্য অবশ্যই জিততে চাইবেন নিগার-স্বর্ণারা।

আসামের গুয়াহাটিতে বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত, পরদিন নাভি মুম্বাইতে আরেক সেমিতে ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

গত ৩ অক্টোবর গুয়াহাটিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ইংল্যান্ডের কাছে ৬৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেদিন ২১৫ বল হাতে রেখে প্রোটিয়াদের হারিয়েছিল ইংল্যান্ড। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। সপ্তম ম্যাচে এসে আবারো ব্যাটিং ধস প্রোটিয়াদের। গতকাল ইন্দোরে শীর্ষস্থান নির্ধারণের ম্যাচে অস্ট্রেলিয়ার স্পিন বোলিংয়ে ঘায়েল হয়ে ৯৭ রানে অলআউট লরা উলভার্টের দল। লেগ স্পিনার অ্যালানা কিং একাই নেন ৭ উইকেট। জবাবে ৭ উইকেটের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে রেকর্ড সাতবারের বিশ্বজয়ীরা।