ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর কাউন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ছক্কার রেকর্ড গড়লেন বেন স্টোকস। কাউন্টিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে আজ উস্টারশায়ারের মাঠে ৬৪ বলে সেঞ্চুরি করা স্টোকস হাঁকিয়েছেন রেকর্ড ১৭ ছক্কা।

 

চলতি গ্রীষ্মে এটাই স্টোকসের প্রথম শ্রেণীর প্রথম ম্যাচ। এই ম্যাচে নেমেই প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করলেন ইংল্যান্ড টেস্ট দলনায়ক। ৬৪ বলে তুলে নেন সেঞ্চুরি। এ পথে ডেভিড বেডিংহামের (১৩৫) সঙ্গে পঞ্চম উইকেটে যোগ করেন ২২০ রান। জস বেকারের করা একটি ওভারে পাঁচ পাঁচটি ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছেন স্টোকস।

 

দ্বিতীয় দিন সকালে শুরুর দিকে বেন গিবসনের বলে স্কট বোর্থউইক লেগ বিফোরের ফাঁদে পড়লে ব্যাটিংয়ে নামেন স্টোকস। দেখেশুনে শুরু করলেও কিছুক্ষণ পরই রুদ্রমূর্তি ধারণ করেন ৩০ বছর বয়সী বামহাতি ব্যাটার। এরপর যা করেছেন তাতে স্টোকসের নামটি লেখা হয়ে যায় কাউন্টির রেকর্ডবুকে। দশম ছক্কায় পূর্ণ করেন সেঞ্চুরি, যার শেষ পাঁচটিই মারেন বেকারের এক ওভারে। ওই ওভারের শেষ বলটিও একেবারে সীমানার কাছাকাছি চলে গিয়েছিল। এর পরও ওভারটি থেকে ৩৪ রান তুলে নেন তিনি। অবশেষে ১৬১ রানে থামেন স্টোকস। টর্নেডো এই ইনিংসে তিনি ১৭টি ছক্কা মেরেছেন। ডারহাম ৬ উইকেটে ৫৮০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।

 

উল্লেখ্য, কাউন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার এক ওভারে পাঁচটি ছক্কা মারার কৃতিত্ব দেখালেন স্টোকস। এর আগে ২০১১ সালে হ্যাম্পশায়ারের বিপক্ষেও এক ওভারে পাঁচ ছক্কা মারার কীর্তি আছে বেনের।

 

ডারহামের ইতিহাসে আজ দ্রুততম সেঞ্চুরি করলেন স্টোকস। আগের দ্রুততম সেঞ্চুরি করেছিলেন পল কলিংউড। ২০০৫ সালে টনটনে ৭৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

 

আর ছক্কায় তিনি ভেঙে দেন অ্যান্ড্রু সাইমন্ডস ও গ্রাহাম নেপিয়ারের রেকর্ড। সাইমন্ডস গ্লুস্টারশায়ারের হয়ে ১৯৯৫ গ্লামারগনের বিপক্ষে ও নেপিয়ার এসেক্সের হয়ে ২০১১ সালে সারের বিপক্ষে ১৬ ছক্কা হাঁকিয়েছিলেন। ক্রিকইনফো, বিবিসি