সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপ টি২০তে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আজ মঙ্গলবার বৃষ্টির কারণে ম্যাচের এক ওভার খেলাও মাঠে গড়ায়নি। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের বিপরীতে জিতলে বাংলাদেশ পৌঁছে যেত সেমিফাইনালে। কিন্তু বিপত্তি হয়ে আসে বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা শেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
৫ ম্যাচে দুই জয় থেকে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচে ছিল বাংলাদেশ। আর ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড ছিল চারে। আজ জিতলে সেমিফাইনাল নিশ্চিত করত বাংলাদেশ। কিন্তু এখন পয়েন্ট তালিকায় সেরা চারে উঠে গেল থাইল্যান্ডের নারীরা। সেমিফাইনালের বাকি তিনটি দল হলো ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।
সোমবার শ্রীলংকার বিপক্ষে ৭ ওভারে ৪১ রান করলেই জিততো বাংলাদেশ, তাতে সেমিফাইনালও নিশ্চিত হতো নিগার সুলতানাদের। কিন্তু তারা পারেননি বলেই আজ বিদায় নিতো হলো। এখন ঘরের মাঠে দর্শক হয়ে থাকতে হবে নিগার, সালমাদের। আর অপেক্ষাকৃত দুর্বল দল থাইল্যান্ড খেলবে সেমিফাইনালে।
১৩ অক্টোবর দুটি সেমিফাইনাল, আর ১৫ অক্টোবর ফাইনাল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।










