লিভারপুলের সাবেক হেড কোচ ইয়ুর্গেন ক্লোপ দ্রুতই কাজে নেমে পড়ছেন। রেড বুলের ফুটবল প্রকল্পের বৈশ্বিক প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। ৫৭ বছর বয়সী জার্মান নাগরিক কাজ শুরু করবেন ২০২৫ সালের ১ জানুয়ারি।

নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ক্লোপ বলেছেন, ‘মাঠের সাইডলাইনে প্রায় ২৫টি বছর কাটিয়ে দেয়ার পর এমন একটি প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারছি বলে আমি যারপরনাই শিহরিত। আমার ভূমিকা আগের চেয়ে বদলে যেতে পারে তবে ফুটবলের প্রতি আমার আবেগ আর খেলাটি যারা তৈরি করেন তাদের প্রতি আবেগের কমতি নেই।’

এনার্জি ড্রিংক রেড বুলের মালিকানায় চারটি ফুটবল ক্লাব রয়েছে। জার্মানির আরবি লিপজিগ, অস্ট্রিয়ার রেড বুল সলজবুর্গ, মেজর লিগ সকারের নিউইয়র্ক রেড বুলস ও ব্রাজিলের দল রেড বুল ব্রাজান্টিনো। এছাড়া ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল লিডসের কিছু শেয়ার কিনে নিয়েছে তারা এবং সম্প্রতি ক্লাবের জার্সির অন্যতম স্পন্সর হয়েছে।

রেড বুল জানিয়েছে, দৈনন্দিন কাজে যুক্ত হবেন না ক্লোপ, কিন্তু তিনি ক্লাবগুলোকে ফুটবলের দর্শন নিয়ে পরামর্শ দেবেন এবং দলবদল কৌশল ও কোচিংয়ের উন্নতি কীভাবে করা যায় সে ব্যাপারে পরামর্শ দেবেন।

কোম্পানির করপোরেট প্রজেক্ট ও বিনিয়োগের সিইও অলিভার মিন্টশালফ বলেন, ‘বৈশ্বিক ফুটবলের অন্যতম সেরা ও প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন ইয়ুর্গেন ক্লোপ। তার রয়েছে অসীম দক্ষতা আর ক্যারিশমা। সকার প্রধানের ভূমিকায় তিনি আন্তর্জাতিক ফুটবলে আমাদের অবস্থান বদলে দিতে ভূমিকা রাখবেন বলে আশাকরি।’

গত মৌসুম শেষ করে লিভারপুলের দায়িত্ব ছাড়েন ক্লোপ। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত মেইঞ্জের ও ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন।