প্রথমে লিটন দাসের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি, পরে নাসুম আহমেদের দুর্দান্ত ঘূর্ণি বোলিংয়ে সিরিজের প্রথম টি২০তে আফগানিস্তানকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে আট উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান করতে সক্ষম হয় আফগানরা।

 

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাসুমের ঘূর্ণির কবলে পড়ে ২০ রান তুলতেই টপ অর্ডারের চার উইকেট হারায় সফরকারীরা।  ৪ ওভারে মাত্র ১০ রানের খরচায় ৪ উইকেট নেন নাসুম।

 

মিডল অর্ডারে নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবি জুটি গড়ার চেষ্টা করলে তা বড় হতে দেননি সাকিব আল হাসান। নবিকে (১৬) ফিরিয়ে ৩৭ রানের জুটি ভাঙেন সাকিব। পরের ওভার করতে এসে নাজিবউল্লাহর (২৭) উইকেটও তুলে নেন কৃতী অলরাউন্ডার (২/১৮)। আজমতউল্লাহ ওমারজাই করেন ২০ রান, অভিষেকে ২ রান করেন দারউইশ রাসুলি। শেষ দিকে অনবদ্য বোলিং করেন দুই পেসার শরিফুল ইসলাম (৩/২৯) ও মুস্তাফিজুর রহমান (১/১৯)।

 

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের ব্যাটে ভর করে সম্মানসূচক পুঁজি পায় বাংলাদেশ। অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে লিটন খেলেন ৪৪ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। চারটি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। টি২০তে এটি লিটনের পঞ্চম হাফসেঞ্চুরি।

 

এ ম্যাচ দিয়ে টি২০তে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছে মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী রাব্বির। অভিষেকে ১৮ বলে তিন চারের সাহায্যে ১৭ রান করেন মুনিম। ব্যক্তিগত ৮ রানে রান-আউটের ফাঁদে পড়ে সাজঘরে পেলেন ইয়াসির। এছাড়া আফিফ হোসেন ২৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১০ রান করেন।

আফগান বোলারদের মধ্যে ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমারজাই দুটি করে, রশিদ খান, ও কাইস আহমেদ একটি করে উইকেট নেন।