১৯৮৬ সালে মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেছিলেন আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনা। ওই গোলটি বিখ্যাত হয়ে আছে ‘হ্যান্ড অব গড’ গোল বলে। বিতর্ক থাকলেও একে কেউ কেউ শতাব্দীর সেরা গোল বলেও অভিহিত করে থাকেন। যে জার্সি পরে আলোচিত ওই গোলটি করেছিলেন ম্যারডোনা সেটি নিলামে বিক্রি হলো ৯২ লাখ ৮০ হাজার ডলার বা ৭১ লাখ পাউন্ডে।

 

কোনো ক্রীড়া স্মারক হিসেবে এটাই সবচেয়ে দামী স্মারক হয়ে থাকবে। এর আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে হাতে আঁকা অলিম্পিকের ঘোষণাপত্রটি। যেটি বিক্রি হয়েছিল ৮৮ লাখ ডলার।

 

ম্যাচ শেষে ম্যারাডোনার সঙ্গে জার্সিটি বদল করেছিলেন ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজ। সেই থেকে তিনিই এর মালিক। ৩৬ বছর পর জার্সিটি নিলামে তুললেন হজ।

 

২০২০ সালে ম্যারাডোনার মৃত্যুর পর হজ জানান, জার্সিটি বিক্রি হবে না। গত ডিসেম্বরে তিনি জানান, মানুষজন বিরতিহীনভাবেই তার কাছে এর ব্যাপারে জানতে চাইছেন, যদিও জার্সি বিক্রির খবর সত্য নয়। তার কথায়, আমি একে মর্যাদাহানি হিসেবে দেখেছি এবং সম্পূর্ণ ভুল ধারণা। এটা বিক্রির জন্য নয়। আমি বিক্রির চেষ্টাও করছি না।

 

যাই হোক, ৪০ লাখ থেকে ৬০ লাখ পাউন্ডে বিক্রির প্রাক্কলন করা হলেও বাস্তবে বিক্রি হলো তার চেয়ে অনেক বেশিতে। এই নিলামের আয়োজক ছিল সোথবাই। বিবিসি